এবার কানাডায় ‘মনের মানুষ’
কানাডার সিনে-এভুলেশন আর্ট সোসাইটির আয়োজনে ২১ থেকে ২৪ জুলাই অনুষ্ঠিত হবে রিচমন্ড ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যান্ড মিডিয়া আর্টস ফেস্টিভ্যাল। এ চলচ্চিত্র উৎসবের শেষ দিনে প্রদর্শিত হবে গৌতম ঘোষের ‘মনের মানুষ’।সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের রোজভ্যালি ফিল্মস নেটওয়ার্ক। বাংলালিংক নিবেদিত মনের মানুষ ছবির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সংগীত পরিচালনা, সম্পাদনাও করেছেন গৌতম ঘোষ। অভিনয় করেছেন প্রসেনজিৎ, পাওলি দাম, সৈয়দ হাসান ইমাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, চম্পা, রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী প্রমুখ। মনের মানুষ চলচ্চিত্রটি গত প্রায় সাত মাস ধরে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। মুক্তির আগেই ছবিটি গোয়ায় ৪১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আন্তর্জাতিক বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পায়।এ ছাড়া সম্প্রতি ছবিটি ভারতের ৫৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-১০-এ জাতীয় সংহতির জন্য সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ ‘নার্গিস দত্ত’ পুরস্কার ও ‘রজত কমল’ পদক অর্জন করে।