এবার গানও গাইলেন শাকিব খান
ফ্যান্টাসি কিংডমে সকাল থেকে টানা শুটিং শেষ করে শুক্রবার রাতে সাসটেইন স্টুডিওতে এলেন নায়ক শাকিব খান। প্রথমবারের মতো কোনো ছবিতে তিনি প্লেব্যাক করবেন। ছবির নাম মনের জ্বালা। তবে সেদিন রাতে তিনি এসেছিলেন গানটি কণ্ঠে তুলে নিতে। গান গাওয়ার কোনো প্রস্তুতি ছিল না। ‘আমি চোখ তুলে তাকালেই সূর্য লুকায়,/হাতের ইশারাতে সাগর শুকায়’—এমন কথার গানটি তাঁকে তুলেও দিলেন সংগীতপরিচালক আলী আকরাম। হারমোনিয়ামে মহড়াও করালেন কয়েকবার। তারপর শাকিবকে বললেন, ‘একবার মিউজিক ট্র্যাকের সঙ্গে গেয়ে দেখবেন নাকি?’ অনেকটা অনিচ্ছা নিয়ে শাকিব গেলেন কণ্ঠপ্রদান কক্ষে। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে এক-দুবার মহড়া করে শেষ পর্যন্ত গানটা গেয়েই ফেললেন শাকিব। শাকিব যখন গানটি গাইছিলেন, তখন উপস্থিত সবাই অনেকটা বিস্মিত হন। ছবির প্রযোজক তাপসি ঠাকুর তো বলেই ফেললেন, ‘আমার হিরো তো দেখি জুনিয়র জেমস!’ ছবির পরিচালক মালেক আফসারির মুখেও স্তুতি, ‘শাকিব গান গাইবেন, কিন্তু এত ভালো গাইবেন, ভাবিনি।’ মনের জ্বালা ছবিতে শাকিব নিজের গানে নিজেই ঠোঁট মেলাবেন।