এবার চট্টগ্রামে রবীন্দ্র নাট্যমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্র নাট্যচর্চাকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে এবার চট্টগ্রামে নাট্যোৎসবের আয়োজন করছে ঢাকার নাট্যদল প্রাঙ্গণে মোর। ‘প্রাঙ্গণে মোর কর্ণফুলী নাট্যোৎসব ২০১০’ নামে চার দিনের এ উৎসব শুরু হবে ১ এপ্রিল। উৎসবে প্রাঙ্গণে মোর দলের চারটি নাটক শ্যামাপ্রেম, স্বদেশী, লোকনায়ক ও রক্তকরবী পর্যায়ক্রমে মঞ্চস্থ হবে। প্রতিদিনই নাটক শুরুর আগে চট্টগ্রামের প্রায় ২৬টি নাটকের দল পর্যায়ক্রমে শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে নৃত্য, গান, আবৃত্তি ও পথনাটক পরিবেশন করবে। উৎসব চলাকালে ২ এপ্রিল সকাল সাড়ে ১০টায় শিল্পকলা একাডেমীতে উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারের বিষয় ‘বাঙালির নাট্যচর্চা ও রবীন্দ্রনাথের নাটক’। উৎসব প্রসঙ্গে দলের পরিচালক (সাংগঠনিক) নূনা আফরোজ বলেন, ‘এর আগে আমরা ঢাকায় রবীন্দ্র নাট্যমেলা করেছি। এবার আমরা প্রথমবারের মতো ঢাকার বাইরে চট্টগ্রামে এ ধরনের উৎসব শুরু করছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের দলই প্রথম নিজেদের উদ্যোগে ঢাকার বাইরে বিভাগীয় শহরে এ ধরনের নাট্যোৎসবের আয়োজন করছে। এর পর থেকে আমরা পর্যায়ক্রমে অন্য সব বিভাগীয় শহরে এ ধরনের উৎসব করব।’ তবে নূনা আফরোজ প্রথমে চট্টগ্রামে এ ধরনের উৎসব আয়োজন প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি, চট্টগ্রাম বহু আগে থেকেই নাটকের জন্য উর্বর জায়গা। ঢাকার বাইরে যেকোনো শহরের চেয়ে চট্টগ্রামের নাট্যচর্চা এখনো বেশি হয়। চট্টগ্রামে অনেক নাট্যজনই তৈরি হয়েছে এবং এখানে রবীন্দ্রনাথের রক্তকরবী থেকে শুরু করে অনেক নাটকই হয়েছে। এ জন্য আমরা চট্টগ্রামকেই প্রথমে বেছে নিয়েছি।’