এবার চলচ্চিত্রে অভিনয়
প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’র ‘আপনার রাশি’ বিভাগের লেখক কাওসার আহমেদ চৌধুরী এবার চলচ্চিত্রে অভিনয় করছেন। গত শুক্রবার তিনি ৬৯ পাতলা খান লেন ছবিতে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করছেন রাফায়েল আহসান। তিনি জানান, ছবির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন কাওসার আহমেদ চৌধুরী। গত শুক্রবার পুরান ঢাকায় ছবির শুটিংয়ে অংশ নেন ফেরদৌস ও কাওসার আহমেদ চৌধুরী।বাস্তবতার কশাঘাতে একজন হতাশাগ্রস্ত যুবক ফেরদৌস। তার জীবনে আধ্যাত্মিক পুরুষ হিসেবে আবির্ভাব ঘটে কাওসার আহমেদ চৌধুরীর। তিনি ফেরদৌসকে একটি ঘড়ি উপহার দেন। ঘড়িটি ফেরদৌসের জীবন বদলে দেয়।কাওসার আহমেদ চৌধুরী বলেন, ‘ছবিতে আমার প্রথম অভিনয় করার কথা ছিল ঋত্বিক ঘটকের সঙ্গে। কিন্তু তখন সরকারি অনুমতির কিছু জটিলতার কারণে আর তাতে অভিনয় করা হয়নি। ৬৯ পাতলা খান লেন ছবির গল্প ভালো লেগেছে। ছবির ভাবনাটা অনেক বেশি আধুনিক মনে হয়েছে। তাই অভিনয় করতে রাজি হয়েছি।’