এবার চলচ্চিত্রে নওশীন ও হিল্লোল
ছোট পর্দা থেকে বড় পর্দায় অনেক আগেই কাজ শুরু করেছেন নওশীন। এবার এলেন হিল্লোল। এই দুজনই সম্প্রতি হ্যালো অমিত নামের একটি ছবি হাতে নিয়েছেন। ছবিটি নির্মাণ করছেন শঙ্খ দাস গুপ্ত। আগামী মাস থেকেই ছবিটির নির্মাণকাজ শুরু হবে বলে জানিয়েছেন ছবির অভিনয়শিল্পী নওশীন।চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে হিল্লোল বললেন, ‘এ ছবির যে গল্প, তা আমার জন্য একদম উপযুক্ত। এ কারণেই এই ছবিতে অভিনয় করছি। ছবিতে নিয়মিত কাজ করব কি না, তা এখনই বলতে পারছি না।’জানা গেছে, গ্রাম থেকে ঢাকা শহরে আসেন হিল্লোল। একজন চলচ্চিত্র-নির্মাতা। তাঁর স্বপ্ন অনেক বড় নির্মাতা হবেন। হিল্লোলের বান্ধবী নওশীন একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন। বান্ধবীর কাছ থেকে হিল্লোল টাকা নেন। আর মনে মনে ভাবেন, একদিন দৈবক্রমে অনেক টাকা পাবেন। সেই টাকা দিয়ে ভালো একটি ছবি বানাবেন। এই ভাবনা আর স্বপ্ন হিল্লোলকে তাড়া করে ফেরে।নওশীন বললেন, ‘ছবির গল্পটি ভালো লেগেছে। তাই কাজ করছি। যত দূর শুনেছি যে এর ক্যামেরা এবং অন্যান্য কারিগরি সুযোগ-সুবিধা সব আসবে মুম্বাই থেকে। আশা করছি, ভালো একটি ছবি উপহার দিতে পারব আমরা।’