এবার চলচ্চিত্রে সোলস
শুধু গান গাওয়া নয়, গান গাওয়ার পাশাপাশি এবার একটি চলচ্চিত্রে অভিনয় করবেন সোলসের সদস্যরা। আর তা সোলস নামেই। ছবির নাম এই মুহূর্তে। পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল। সোলসের অন্যতম সদস্য পার্থ বড়ুয়া বলেন, ‘আমি কিংবা সোলস এর আগে কোনো চলচ্চিত্রে গান করিনি; অভিনয় তো দূরের কথা! এবারই প্রথম চলচ্চিত্রে আমরা সবাই একসঙ্গে গান করব, অভিনয় করব। এর চেয়ে আনন্দের খবর আর কী হতে পারে!’এই মুহূর্তে ছবির ভাবনা প্রসঙ্গে উজ্জ্বল জানান, কোনো একটা কারণে হাজার হাজার মানুষ তাদের অতীত-বর্তমান নিয়ে পথে নেমে পড়ে, গন্তব্য জানা নেই কারও। এমন একটা জায়গা থেকে এই মুহূর্তে চলচ্চিত্রের গল্পের শুরু। উজ্জ্বল আরও বললেন, ‘বাংলাদেশের ব্যান্ড-সংগীতের ইতিহাস লিখতে গেলে সোলসের নাম বাদ দেওয়া সম্ভব নয়। বাংলাদেশের ব্যান্ড-সংগীতে একধরনের বিনি সুতার মালা গেঁথে রেখেছে সোলস।’পার্থ বললেন, ‘আমি প্রথম উজ্জ্বলের সঙ্গে কাজ করেছিলাম অর্থহীন মানিপ্লান্ট টেলিছবিতে। এরপর তাঁর সঙ্গে আরও কয়েকটি কাজ করেছি। বলতে পারেন, আমি তাঁর কাজের ভক্ত হয়ে গেছি। উজ্জ্বল প্রথম চলচ্চিত্র তৈরি করতে যাচ্ছেন, আর তাতে সোলসের একটা বড় ভূমিকা থাকছে, ভাবতেই ভালো লাগছে। আমরা এই মুহূর্তে ছবির সঙ্গে আছি, থাকব।’উজ্জ্বল জানান, চিত্রনাট্য লেখার কাজ শেষ। এখন ছবির শিল্পীদের চূড়ান্ত করা হচ্ছে। শুটিং শুরু হবে আগামী বছরের এপ্রিলে।