এবার চলচ্চিত্রের গানে বাপ্পার সুরে কনা
অ্যালবামের গানের পর এবার চলচ্চিত্রের গানেও বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় কণ্ঠ দিলেন দিলশাদ নাহার কনা। ‘সত্তা’ নামের এ চলচ্চিত্রটি পরিচালনা করবেন হাসিবুর রেজা কল্লোল। গতকাল সন্ধ্যায় বাপ্পা মজুমদারের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা। দ্বৈত কণ্ঠের এই গানে কনা গেয়েছেন বাপ্পা মজুমদারের সঙ্গে।অনেক কথার ভিড়ে, অনেক কোলাহলে/ যে কথাটি ছিল, বুক পাঁজরে—শিরোনামের এ গানটির কথা লিখেছেন রানা। প্রথম আলো ডটকমকে কনা বলেন, ‘বাপ্পা ভাইয়ের সঙ্গে এর আগে অ্যালবামের বেশ কয়েকটি গানে কণ্ঠ দেওয়া হয়েছে। কিন্তু কখনোই চলচ্চিত্রের গান করা হয়নি। তা ছাড়া বাপ্পা ভাই নিজেও কিন্তু খুব একটা চলচ্চিত্রের কাজ করেন না। অল্প কয়েকটি কাজের মধ্যে বাপ্পা ভাইয়ের সঙ্গে চলচ্চিত্রের গানের কাজের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে।’কনা এ-ও বলেন, ‘বাপ্পা ভাই এমনিতে আমার অনেক পছন্দের একজন সংগীতশিল্পী। তাঁর সঙ্গে সব ধরনের গান করতে আমার ভালো লাগে।’‘সত্তা’ চলচ্চিত্রের সবগুলো গানের সংগীত পরিচালনা করবেন বাপ্পা মজুমদার। পাশাপাশি চলচ্চিত্রটির আবহ সংগীতের কাজও করবেন তিনি।এদিকে ‘সত্তা’ ছবির কাজ ছাড়া কনা বর্তমানে তাঁর অ্যালবামের বেশ কয়েকটি গানের মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জানালেন, কোরবানির ঈদের কয়েকটি গানের মিউজিক ভিডিও নিয়ে একটি অ্যালবাম বাজারে ছাড়বেন।