এবার চার নতুন মুখ নিয়ে সোহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ ছবির প্রধান অভিনয়শিল্পীরা
নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ ছবির প্রধান অভিনয়শিল্পীরা

বাংলা চলচ্চিত্রে সালমান শাহ-মৌসুমী থেকে শুরু করে বেশ কয়েকটি সফল জুটি উপহার দিয়েছেন নির্মাতা সোহানুর রহমান সোহান। অনেক সফল জুটির আবিষ্কারক সোহান এবার তাঁর নতুন ছবির জন্য একসঙ্গে চারজন নতুন অভিনয়শিল্পীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন। ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ শিরোনামের এ ছবিটির প্রধান অভিনয়শিল্পীরা হলেন শ্রাবণ খান, মাসুকা, টিংকি ও আব্বাস খান।

সোহানুর রহমান সোহান বলেন, ‘বর্তমানে চলচ্চিত্রে নায়ক-নায়িকার সংকট প্রবল। যদিও এরই মধ্যে বেশ কয়েকজন নায়ক-নায়িকা এসেছেন। কিন্তু তাঁরা সম্পূর্ণ নন বলেই মনে হয়েছে আমার কাছে। আর এ কারণেই আমার নতুন ছবির জন্য চারজন নতুন মুখকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছি।’

সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় ‘দূরবীন’ রেকর্ডিং স্টুডিওতে ‘ভালোবাসার চেয়ে একটু বেশি’ ছবির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সিবি জামান, মতিন রহমান, আবদুস সামাদ খোকন, সৈয়দ হারুন, এস এ হক অলিক, ছটকু আহমেদ এবং দূরবীন ব্যান্ডের শহীদ প্রমুখ। বক্তব্য শেষে শহীদ ও বাঁধনের কণ্ঠে একটি গান রেকর্ডিং হয়।

মহরত অনুষ্ঠানে নতুনদের উদ্দেশে সোহানুর রহমান সোহান বলেন, ‘আমার নতুন ছবির চারজন অভিনয়শিল্পী নিজেদের অভিনয় প্রতিভা দিয়ে সবার মন জয় করতে পারবেন। সেই সঙ্গে দর্শকদের ভালোবাসা পাবেন।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকের শুরুতে সালমান শাহ-মৌসুমীকে জুটি করে সোহান নির্মাণ করেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি। প্রথম ছবিতে সালমান-মৌসুমী জুটি পেয়ে যায় আকাশছোঁয়া জনপ্রিয়তা। সালমান শাহর অকালমৃত্যুর পর সোহান আবিষ্কার করেন শাকিল খানকে। নবাগত এ নায়কও শুরুতে ভালোই জনপ্রিয়তা পান। বর্তমান সময়ে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানেরও প্রথম ছবিটি ছিল সোহানুর রহমান সোহানের পরিচালনায়। ছবিটিতে শাকিব খানের সহশিল্পী ছিলেন ইরিন জামান।