এবার চ্যানেল আইয়ে ‘মনের মানুষ’
প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় পাঁচ মাস পর গৌতম ঘোষ পরিচালিত ‘মনের মানুষ’ চলচ্চিত্রটি এবার টেলিভিশনে মুক্তি পেতে যাচ্ছে। ২০ মে বেলা দুইটা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। পাঁচ মাস ধরে ছবিটি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। মুক্তির আগেই গোয়ায় অনুষ্ঠিত ৪১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কারও অর্জন করে ছবিটি।সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, আশীর্বাদ চলচ্চিত্র এবং ভারতের রোজভ্যালি ফিল্মস। ছবিটি নিবেদন করেছে বাংলালিংক। পরিচালনার পাশাপাশি ছবিটির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সংগীতপরিচালনা এবং সম্পাদনাও করেছেন গৌতম ঘোষ।‘মনের মানুষ’ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা হলেন প্রসেনজিত্, চঞ্চল চৌধুরী, চম্পা, পাওলি ধাম, সৈয়দ হাসান ইমাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী প্রমুখ।