এবার জমবে খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গেইম নিয়ে আসছেন নিরব ও অমৃতা খান
গেইম নিয়ে আসছেন নিরব ও অমৃতা খান

নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই শুরু হবে খেলা। খেলা জমবে প্রেক্ষাগৃহগুলোয়। কারণ ওই দিন মুক্তি পাবে রয়েল অনিক পরিচালিত চলচ্চিত্র গেইম। ২ জানুয়ারি দেশব্যাপী মুক্তি পাবে ছবিটি। এতে দেখা যাবে নিরব-অমৃতা জুটিকে, যারা এরই মধ্যে একসঙ্গে আরও তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন।
কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে গেইম। আর এর পর পরই ঘোষণা দেওয়া হয়েছে এর মুক্তির দিন। এ ছবির আরও একটি মজার দিক হলো এতে ব্যান্ডদল প্রমিথিউসের শিল্পী বিপ্লবকে দেখা যাবে খলনায়ক হিসেবে। মুক্তির দিন ঠিক হওয়ার পরই ছবির পরিচালক গেইম নিয়ে বলেন, ‘একটা ভালো সময়ের জন্য অপেক্ষা করছিলাম। বছরের প্রথম ছবি হিসেবে ছবিটি মুক্তি দিচ্ছি আমরা। এর চেয়ে ভালো উপলক্ষ আর কী হতে পারে?’
এদিকে এ ছবির মধ্য দিয়েই অমৃতা খানের অভিষেক ঘটছে চলচ্চিত্রে। আসছে বছর তাঁকে দেখা যাবে নিরবের বিপরীতেই অন্তরে অন্তরে, টার্গেট ও মিশন আফ্রিকা নামে আরও তিনটি ছবিতে। এর বাইরে পাগলা দিওয়ানা ও গুন্ডা দ্য টেরোরিস্ট নামে আরও দুটি ছবিতেও কাজ করছেন তিনি। প্রথম ছবির ব্যাপারে অমৃতা বলেন, ‘গেইম ছবিতে কাজ শুরুর পরপরই একাধিক ছবির প্রস্তাব পেয়েছি। গেইম আমার জন্য আশীর্বাদ।’ নিরব-অমৃতা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, এরফান খান, সাদেক বাচ্চু প্রমুখ।