এবার জমবে মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কলঙ্ক’ নাম দিয়ে বলিউডবাসী যদি ২০০৯-কে ধিক্কার দিতে চায়, তবে ২০১০ নিয়েও বলতে হবে, এ বছর সবাই সোনার পালঙ্কে ভাসবে। ভালোবাসা দিবসে পরিচালক করণ জোহর ফিরে আসছেন মাই নেম ইজ খান নিয়ে। আট বছর পর কাজল-শাহরুখ জুটির প্রত্যাবর্তন, কাজলের প্রত্যাবর্তন, শাহরুখ-করণের সঙ্গে হলিউডের বিখ্যাত প্রোডাকশন ফক্সের প্রথম বলিউডি প্রযোজনা—সব মিলিয়ে বলিউডের সর্বকালের সবচেয়ে বড় হিট থ্রি ইডিয়টস-এর রেকর্ড ভাঙার জন্য মাই নেম ইজ খান-এর মধ্যেই সম্ভাবনা খুঁজছে বলিউড। বছরের শুরুটা অবশ্য দুলহা মিল গ্যায়ার (সুস্মিতা, ফারদিন) মতো ফ্লপ দিয়ে শুরু করেছেন শাহরুখ। তবে মাই নেম ইজ খান শাহরুখ-ভক্তদের আবার চাঙা করে তুলবে, নিশ্চিত। পরিকল্পনা মাফিক এগোলে বছর শেষে ফারহান আখতারের ডন টু (প্রিয়াঙ্কা) এবং অনুভব সিনহার আর এ ওয়ান (কারিনা) ছবিতেও দেখা যাবে শাহরুখকে। অন্য নায়কদের জন্য স্বস্তির খবর—আমির খান গত তিন বছরের মতো এবারও বছর শেষে তাণ্ডব রচনা করার পরিকল্পনা করেননি; তবে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে তিনটি ছবি নিয়ে আসছেন আমির। স্ত্রী কিরণ রাও পরিচালিত প্রথম ছবি ধোবি ঘাট-এ (প্রতীক বাব্বর, মনিকা দর্গা) চিত্রশিল্পীর চরিত্র এবং দিল্লি বেলি-তে (ইমরান খান, শেহনাজ) প্রথমবারের মতো আইটেম গানে দেখা যাবে আমিরকে। আমির প্রযোজিত ইংরেজি ছবি পিপলি লাইভ (জেমস রোলস্টোন, তাইকা ওয়েতি) সম্প্রতি সানডেন্স চলচ্চিত্র উত্সবে অংশ নিয়েছে। গত বছরের ‘মোস্ট ওয়ান্টেড’ সালমান খান এ বছর ঐতিহাসিক ছবি বীর-এ (সঙ্গে ক্যাটরিনা লুক-অ্যালাইক জেরিন খান) সফলতা পাবেন, আশা করা যায়। কারণ, ছবির কাহিনি, চিত্রনাট্য লিখেছেন সালমান নিজে। শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনক্ষীর সঙ্গে দাবাং, প্রভু দেবার প্রেমিকা নয়নতারার সঙ্গে মোস্ট ওয়ান্টেড, গোবিন্দর মেয়ে নর্মদার সঙ্গে শাদ আলীর ছবি, বনি কাপুরের মিস্টার ইন্ডিয়া ২-তে দেখা যাবে সালমানকে। হূতিক রোশন গত বছর অনুপস্থিত থাকলেও এ বছর ফিরছেন। ২০০০, ২০০৩, ২০০৬, ২০০৮-এর মতো এবারও সবাইকে ছাপিয়ে হূতিক হয়ে যেতে পারেন সেরা অভিনেতা। বাবার প্রযোজনায় অনুরাগ বসুর কাইটস (বারবারা মোরি, কঙ্গনা) এবং বছর শেষে সঞ্জয় লীলা বানসালির গুজারিশ—দুটিতেই চমক দেখাতে আসছেন হূতিক। শেষ ছবিতে ফিরছেন ধুম টু, যোধা-আকবর-এর স্মরণীয় জুটি হূতিক-ঐশ্বরিয়া। ঐশ্বরিয়াও দুই বছর বিরতির পর ফিরছেন, তাও চারটি ছবি নিয়ে। গুজারিশ ছাড়াও ঐশ্বরিয়াকে দেখা যাবে ১০০ কোটি রুপির এন্ধিরাম-এ (রজনীকান্ত)। বিপুল শাহের অ্যাকশন রিপ্লে-তে পঞ্চাশের দশকের প্রেমিক-প্রেমিকার চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া-অক্ষয় কুমারকে। মনি রত্নমের রাবন ছবিতে এ যুগের ‘সীতা’ চরিত্রে ঐশ্বরিয়াকে পাওয়া যাবে বটে, তবে ‘রাম’ চরিত্রে অভিষেক নয়, তামিল সুপারস্টার বিক্রমকে দেখা যাবে। অভিষেক থাকছেন ‘রাবন’ চরিত্রে। ১৩ বছর বিরতির পর শ্রীদেবী ফিরছেন স্বামী বনি কাপুরের মিস্টার ইন্ডিয়া ২-এর (অনিল, সালমান) মাধ্যমে, জাব উই মেট-এর পর কারিনা-শহীদ ফিরছেন মিলেঙ্গে মিলেঙ্গে-তে। এমরান হাশমী সিক্স প্যাক অ্যাবস নিয়ে ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই (অজয় দেবগন, কঙ্গনা, প্রাচী দেশাই) ছবিতে, শহীদ কাপুর এইট প্যাক অ্যাবস নিয়ে আসছেন চান্স পে ডান্স (জেনেলিয়া) ছবিতে। স্যার বেন কিংসলেকে প্রথমবারের মতো বলিউডের পর্দায় দেখা যাবে তিনপত্তি ছবিতে (অমিতাভ বচ্চন, মাধবন)। নাসিরউদ্দিন শাহ, নানা পাটেকর, অজয় দেবগন, মনোজ বাজপায়ির মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতার সঙ্গে রণবীর-ক্যাটরিনার হিট জুটি আসছে রাজনীতিতে। সঙ্গে আছেন অর্জুন রামপাল। তিনটি অ্যানিমেশন ফিল্ম মুক্তি পাবে; করণ জোহরের কুচ কুচ হোতা হ্যায়-তে শাহরুখ, কাজল, রানী, নিখিল আদভানীর দিল্লি সাফারিতে গোবিন্দ, সুনীল, ঊর্মিলা, আয়শা টাকিয়া আজমি এবং তুনপুর কা সুপার হিরোতে কাজল, অজয়ের কণ্ঠ শোনা যাবে। প্রথমবারের মতো দুই অক্ষয়কে (কুমার, খান্না) পাওয়া যাবে তিস মার খান ছবিতে। ফারাহ খান এই প্রথম শাহরুখ ছাড়া ছবি করছেন। চট্টগ্রাম অভ্যুত্থান এবং সূর্যসেনের গল্প নিয়ে আশুতোষ গোয়াড়িকর আসছেন খেলে হাম জি জান সে (অভিষেক, দীপিকা) ছবিতে। গত বছর তেমন নতুনের সন্ধান না মিললেও এ বছর সোনাক্ষী, নয়নতারা, নর্মদা, জেরিন খান, পাখি, বারবারা মোরি, মনিকা দর্গা, তৃষা, শ্রদ্ধা কাপুর, সুরিয়া, বিক্রম, মনিকঙ্গনা দত্ত, আদিত্য নারায়ণের মধ্যে যে কেউ সুপারস্টার বনে যেতে পারেন। আর আর খানতথ্যসূত্র: ওয়েবসাইট