এবার জাতীয় রেপাটরি
দীর্ঘদিন ধরে ঢাকার মঞ্চে ব্যক্তিগত কিংবা দলভিত্তিকভাবে পেশাদার দল গঠনের চেষ্টা অব্যাহত আছে। এর আগে বেশ কিছু প্রযোজনা পেশাদারভাবে মঞ্চে এসেছে। কিন্তু তা স্থায়িত্ব পায়নি। এখনো কেউ কেউ দু-একটি প্রযোজনা নিয়ে ঢিলেতালে কাজ করে যাচ্ছেন। তবে জাতীয় পর্যায়ে এর আগে নাট্যচর্চার ক্ষেত্রে পেশাদার দল গঠনে কেউই এগিয়ে আসেননি। উন্নত বিশ্বে উন্নত থিয়েটার চর্চার প্রধান ক্ষেত্রই হলো জাতীয়ভাবে পেশাদার দল নিয়ে কাজ করা। ইউরোপ আমেরিকা কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতেও ন্যাশনাল রেপাটরি থিয়েটার অত্যন্ত শক্তিশালী অবস্থানে আছে। বাংলাদেশে এবার জাতীয় রেপাটরির উদ্যোগ নিয়েছে শিল্পকলা একাডেমী। ইতিমধ্যে জাতীয় রেপাটরি থেকে তিনটি প্রযোজনা হাতে নেওয়া হয়েছে। দুটি প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়নও হয়ে গেছে। ২৮ জুলাই মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় মঞ্চে এসেছে টার্গেট প্লাটুন আর মঞ্জুরে মওলার লেখা, আতাউর রহমানের নির্দেশনায় রুদ্র রবি জালিয়ানওয়ালাবাগ নাটকটি। আরেকটি নাটকের নির্দেশনা দিচ্ছেন লাকী ইনাম। শাহমান মৈশানের লেখা বিদেহ। এর মহড়া চলছে। ২ সেপ্টেম্বর উদ্বোধন হবে নাটকটির । এ প্রসঙ্গে শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘জাতীয়ভাবে একটা শক্তিশালী পেশাদার দল গঠন এখন সময়ের দাবি, যা থিয়েটার চর্চাকে এগিয়ে নিতে একটা ক্ষেত্র তৈরি করে দেবে। উন্নত বিশ্বে নানাভাবে থিয়েটার চর্চার মধ্য দিয়ে জাতীয়ভাবে পেশাদার থিয়েটার কাজ করে যাচ্ছে। আমাদের শিল্পকলা একাডেমীরও দায়িত্ব আছে। সেই দায়িত্ব নিয়েই আমরা শুরু করলাম। এখানে সরকার আমাদের সহযোগিতা করছে।’ তবে তিনি বলেন, ‘শুরুটা হলো। ন্যাশনাল রেপাটরির জন্য সামনে আমরা সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও ফান্ডে অন্তর্ভুক্ত করার জোর চেষ্টা করে যাব। এবং সারাদেশে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে থিয়েটার চর্চাকে ছড়িয়ে দিতে চাই।’শিল্পকলার উদ্যোগে জাতীয় রেপাটরি নাম দিয়ে যে প্রক্রিয়ায় প্রযোজনা মঞ্চে আনা হচ্ছে, সে ব্যাপারে দ্বিমত পোষণ করলেন আরেক নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘আমাদের এখানে রেপাটরি প্রযোজনা হিসেবে যেভাবে বলা হচ্ছে, তা সত্যিকার অর্থে রেপাটরি প্রযোজনা বলা যাবে না। শিল্পকলা থেকে এভাবে তো প্রায়ই নানা প্রযোজনা মঞ্চে আনা হচ্ছে। সত্যিকারের জাতীয় রেপাটরি হতে হলে নির্দিষ্টসংখ্যক অভিনেতা, নির্দেশক, নাট্যকারকে এক-দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। এবং এই চুক্তির মেয়াদ প্রয়োজনে বাড়তে পারে, যা সারা বিশ্বেই আছে। এখানে যেভাবে করা হচ্ছে, তা ঠিক না।’ তবে তিনি এ উদ্যোগের শুরুকে সাধুবাদ জানান। বলেন, জাতীয় নাট্যশালা শুধু একটা বিল্ডিং হিসেবে থাকবে না, এটা নাট্যচর্চার ক্ষেত্রে জাতীয়ভাবে একটা কোম্পানি হতে হবে।অন্যদিকে, নাট্যজন আতাউর রহমান বিষয়টি নিয়ে খুবই উত্তেজিত। তিনি বলেন, ‘জাতীয় রেপাটরি করার মধ্য দিয়ে আমাদের থিয়েটারের নব সূচনা হলো। দীর্ঘ ৪০ বছরের থিয়েটার-জীবনে নাটক নির্দেশনা দিয়ে পারিশ্রমিক পেয়ে নিজের কাছে অন্য রকম মনে হচ্ছে।’ তিনি বলেন, ‘এই যাত্রা আরও ভালোভাবে অব্যাহত থাকুক। সরকার এগিয়ে এলে আরও উন্নত রেপাটরি গড়া সম্ভব হবে।’