এবার জার্মানির উৎসবে 'জালালের গল্প'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জালালের গল্প সিনেমার দৃশ্য
জালালের গল্প সিনেমার দৃশ্য

জার্মানির ম্যানহেইম-হাইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ছবি ‘জালালের গল্প’। তাও আবার একটি প্রদর্শনীতে নয়, ১৬ দিনের এ উৎসবে বিশ্বের অন্যান্য চলচ্চিত্রের পাশাপাশি জালালের গল্প’র ছয়টি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। দক্ষিণ কোরিয়া থেকে প্রথম আলোকে এ খবরটি জানিয়েছেন ‘জালালের গল্প’ ছবির নির্মাতা আবু শাহেদ ইমন।
ইমন বলেন, ‘ম্যানহেইম-হাইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এটি ৬৪তম আসর। এ আসরে আমার মতো তরুণ নির্মাতার ছবি প্রদর্শিত হওয়ার ব্যাপারটি অনেক বেশি আনন্দের।’
ইমন আরও বলেন, ‘যদিও বর্তমানে বুসান, রটারডাম, সাংহাইয়ের মতো আরও অনেক উৎসবে নতুন নির্মাতাদের নিয়ে আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। কিন্তু ৬৪ বছর ধরে আয়োজিত হয়ে আসা জার্মানির এই চলচ্চিত্র উৎসব ফিল্ম ফেস্টিভ্যালের ক্যালেন্ডারে তাদের স্বকীয়তা বজায় রেখেছে ও ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন অংশের মেধাবী নবীন নির্মাতাদের খুঁজে বের করে চলেছে।’ তিনি বলেন, ‘সম্ভাবনাময় নির্মাতাদের বিশ্ববাসীর কাছে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার কারণে এর প্রতিযোগিতা বিভাগ যেকোনো নবীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম।’

জালালের গল্প সিনেমার দৃশ্য
জালালের গল্প সিনেমার দৃশ্য


ইমন এও জানান, যত দূর শুনেছি, এ বছর প্রায় ১০০০ এর ​ওপর নতুন নির্মাতাদের নির্মিত চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় অংশ নেবার জন্য আবেদন করেছিল। তার মধ্যে কেবল ২২টি ছবি মূল প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছে। তার মধ্যে জালালের গল্পও আছে।
৯ অক্টোবর শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত। উৎসবের সমাপনী দিনে ‘গ্র্যান্ড নিউ কামার অ্যাওয়ার্ড’ ঘোষণার মধ্য দিয়ে জানা যাবে এ বছরের ম্যানহেইম-হাইডেলবার্গ উৎসবে অংশ নেওয়া সেরা নবীন নির্মাতার নাম। ‘জালালের গল্প’ সিনেমার পরিচালক আবু শাহেদ ইমন ও প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে প্রযোজক ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খানকে উৎসবে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।