এবার জুটি শুভ ও মম

আরিফিন শুভ এরই মধ্যে বড় পর্দায় নিজের একটা অবস্থান তৈরি করেছেন। মমও অভিনয় করছেন বাণিজ্যিক ছবিতে। এবার চলচ্চিত্রে তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করবেন। ছবির নাম ছুঁয়ে দিলে মন। শিহাব শাহীন ছোট পর্দায় কাজ করছেন ২০০১ সাল থেকে। অসংখ্য নাটক তৈরি করেছেন তিনি। এবারই প্রথম তিনি চলচ্চিত্র পরিচালনা করছেন। জানালেন, আগামী ১ মে ছুঁয়ে দিলে মন ছবির শুটিং শুরু হবে।

শিহাব শাহীন বলেন, ‘আরিফিন শুভকে নিয়ে এর আগে একটি বড় বাজেটের টেলিছবি তৈরি করেছিলাম। নাম ভালোবাসি তাই ভালোবেসে যাই। আমার প্রথম ছবিতে শুভকে নিয়েই কাজ করব। আর মম চলচ্চিত্রে কাজ করছেন, এরই মধ্যে তা অনেকেই জেনে গেছেন। আমি আশা করছি দর্শক এই জুটিকে পছন্দ করবেন।’
ছুঁয়ে দিলে মন ছবির গল্প প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, কিশোরবেলা একটি ছেলে আর একটি মেয়ের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু একটি দুর্ঘটনার কারণে ছেলেটি অনেক দূরে সরে যায়। একদিন সে ফিরে আসে। খুঁজে বের করে তার হারিয়ে যাওয়া বন্ধুটিকে।
এই ছবিতে আরও অভিনয় করবেন ইরেশ যাকের।