এবার জ্যাকুলিনকে বাড়ি কিনে দিলেন সালমান

সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ, ‘রেডি’ ছবির সহ-অভিনেত্রী অসিনের পর এবার ‘কিক’ ছবির সহ-অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে মুম্বাইয়ে বাড়ি কিনে দিয়ে খবরের শিরোনাম হলেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। শিগগির সালমানের কাছ থেকে উপহার পাওয়া নতুন বাড়িটিতে উঠতে যাচ্ছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউডের এ অভিনেত্রী।
সম্প্রতি জ্যাকুলিনকে মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তিন বেডরুমের বিলাসবহুল একটি ফ্ল্যাট কিনে দিয়েছেন ‘দাবাং’ তারকা সালমান। জ্যাকুলিনের ২৯তম জন্মদিন আগামী ১১ আগস্ট। জন্মদিনের আগাম উপহার হিসেবে সালমানের কাছ থেকে তিনি এ উপহার পেলেন কি না, তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
‘কিক’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করে জ্যাকুলিনে রীতিমতো মুগ্ধ খান সাহেব। কিছুদিন আগে ‘কিক’ ছবির ট্রেইলার উদ্বোধনী অনুষ্ঠানে জ্যাকুলিনকে বলিউডের এক সময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী জিনাত আমানের সঙ্গে তুলনা করেন সালমান। তিনি বলেন, ‘একজন অভিনেত্রীকে আমি অনেক ভালোবাসি। আর তিনি হলেন জিনাত আমান। আমার মনে হচ্ছে, জ্যাকুলিন এমন একজন অভিনেত্রী যে জিনাত আমানের মতো তারকাখ্যাতি অর্জন করতে পারবে।’

প্রসঙ্গত, এবার ঈদেও সম্ভবত বক্স অফিসে ধুন্ধুমার কাণ্ড ঘটাতে চলেছেন ‘এক থা টাইগার’ তারকা সালমান খান। ২৫ জুলাই মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ছবি ‘কিক’। এরই মধ্যে ছবিটির ট্রেইলার মুক্তি পেয়েছে ইউটিউবে। কেবল ট্রেইলার দিয়েই মাত করে দিয়েছে সালমানের ‘কিক’। ট্রেইলার মুক্তির মাত্র ছয় দিনের মাথায় ৮০ লাখ হিট দখলে নিয়ে বিরল নজিরই গড়ে ‘কিক’ ছবিটি।
‘কিক’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালনার খাতায় নাম লিখিয়েছেন বহু ব্যবসাসফল ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। দিল্লি, মুম্বাইয়ের পাশাপাশি পোল্যান্ড, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘কিক’ ছবির শুটিং করেছেন এর প্রযোজক ও পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালা।
‘কিক’ ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন বলিউডের অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ। আরও অভিনয় করেছেন রণদীপ হুদা, মিঠুন চক্রবর্তী, নওয়াজউদ্দিন সিদ্দিকী, অর্চনা পূরণ সিং প্রমুখ। এ ছাড়া ছবির একটি আইটেম গানে দেখা যাবে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাকরিকে।
‘কিক’ ছবির সংগীত পরিচালনা করেছেন ইয়ো ইয়ো হানি সিং, হিমেশ রেশমিয়া ও সংগীত পরিচালকত্রয়ী মিট ব্রস অঞ্জন। ছবির সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন হানি সিং। এ ছাড়া মিট ব্রস অঞ্জনের সংগীত পরিচালনায় ‘হ্যাংওভার’ গানে শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সালমান।