এবার টিভি নাটক নিয়ে রিয়েলিটি শো
গান, নাচ আর কৌতুক নিয়ে হয়েছে নানা রিয়েলিটি শো। এবার রিয়েলিটি শো হবে নাটক নিয়ে। দেশের ৬৪টি জেলা থেকে স্থানীয় শিল্পী, নাট্যকার ও পরিচালকদের নিয়ে তৈরি হবে নাটকগুলো। এখান থেকে পর্যায়ক্রমে বাছাই করা হবে সেরা নাটক, শিল্পী, নাট্যকার ও পরিচালককে। এ রিয়েলিটি শোর নাম ‘নাট্যযুদ্ধ’। যৌথভাবে আয়োজন করেছে এটিএন বাংলা ও ব্যাকড্রপ লিমিটেড।
গতকাল শনিবার দুপুরে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজন নিয়ে এখানে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি সই করা হয়। চুক্তিপত্রে সই করেন এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান ও ব্যাকড্রপের চেয়ারম্যান মনোয়ার পাঠান। এ সময় প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন টিভি নাটক ব্যাপক সংকটে। শিল্পী, নাট্যকার, গল্পকার ও পরিচালকের স্বল্পতা এবং গুণগত মান এ সংকটের অন্যতম কারণ। সংকট থেকে উত্তরণের জন্য এ রিয়েলিটি শোর আয়োজন করা হয়েছে।