এবার ঢাকায় 'রিডিক'

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের পর এবার ঢাকার দর্শকদের মাতাতে আসছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকা ভিন ডিজেল অভিনীত ব্লকবাস্টার ছবি ‘রিডিক’। ১ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে ছবিটি।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে মুক্তি পাওয়া এ ছবি যেমন দর্শকদের মন জয় করেছে, তেমনি ব্যবসায়িক সাফল্যও পেয়েছে। তিন কোটি ৮০ লাখ ডলার বাজেটের ছবিটি মুক্তির প্রথম তিন দিনের মধ্যেই আয় করেছে এক কোটি ৮০ লাখ ডলার। লাগাতার তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে শীর্ষে থাকার পর ‘দ্য বাটলার’কে টেক্কা দিয়ে ‘রিডিক’ আয় করেছে সাত কোটি ৩০ লাখ ডলার, যেখানে ‘দ্য বাটলার’-এর আয় ছিল দুই কোটি ৪৩ লাখ ডলার।
সায়েন্স ফিকশন সিরিজ ‘দ্য ক্রনিকলস অব রিডিক’-এর প্রথম ছবি ‘পিচ ব্ল্যাক’ মুক্তি পায় ২০০০ সালে। এই সিরিজের তিনটি ছবিতেই অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ভিন ডিজেল। অভিনয়ের পাশাপাশি এ ছবিতে অর্থলগ্নিও করেছেন তিনি। এ জন্য তাঁকে বাড়ি বন্ধক রাখার ঝুঁকিও নিতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘যদি এ ছবির কাজ শেষ করতে না পারতাম, তাহলে আমার বাড়িটি খোয়া যেত এবং আমি ছিন্নমূলে পরিণত হতাম।’ ছবি সম্পর্কে ডিজেল বলেন, ‘ছবিটি প্রযোজনা করে আমি আনন্দিত। গত ১০ বছরে দর্শক আমাকে এমন ছবিতে দেখেননি।’
মাথায় একটা চুলও নেই এমন পেশিবহুল অভিনেতা হলিউডে অনেক। কিন্তু ভিন ডিজেল এই তালিকায় আছেন সবার ওপরে। কারণ তাঁর অভিনীত ছবি দিয়ে কাঁড়ি কাঁড়ি ডলার অ্যাকাউন্টে জমা করেছে হলিউডের স্টুডিওগুলো। অথচ ৩০ বছর আগে রাস্তার পাশে নেচে জীবিকা নির্বাহ করতেন ভিন ডিজেল। তিনি বলেছিলেন, ‘কখনো ভাবিনি হলিউডে নিজের জন্য আলাদা একটা স্থান তৈরি করতে পারব।’
সম্প্রতি হলিউড ওয়াক অব ফেমে স্থান পেয়েছেন ভিন ডিজেল। ক্যারিয়ারের ২৩ বছরে এসে এমন বিরল সম্মাননা পেলেন তিনি। হলিউডে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৯০ সালে ‘অ্যাওয়েকিংস’ ছবির মাধ্যমে। ১৯৯৩ সালে ‘শিন্ডলার্স লিস্ট’ ছবিটি দেখে ডিজেল এতই মুগ্ধ হয়েছিলেন যে, পরিচালক স্টিভেন স্পিলবার্গের কাছে মনের কথা জানিয়ে তিন পৃষ্ঠার একটি চিঠি লিখেছিলেন। চিঠির ভাষায় মুগ্ধ হয়ে স্পিলবার্গ আমন্ত্রণ জানান ডিজেলকে। সেই সুবাদে ১৯৯৮ সালে স্পিলবার্গ পরিচালিত ‘সেভিং প্রাইভেট রায়ান’ ছবিতে প্রাইভেট আদ্রিয়ান ক্যাপারজো চরিত্রটি পেয়ে যান ভিন ডিজেল। ছবিটি তাঁকে তারকাখ্যাতি এনে দেয়। এরপর ডিজেল উপহার দিয়েছেন ‘পিচ ব্ল্যাক’, ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, ‘ট্রিপল এক্স’, ‘ক্রনিক্যালস অব রিডিক’সহ আরও অনেক ব্যবসাসফল ছবি। ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’-এর জন্য এমটিভি মুভি অ্যাওয়ার্ডস পেয়েছেন ভিন ডিজেল। টিন চয়েজ, পিপল’স চয়েজ, স্ক্রিন অ্যাক্টরস গিল্ডসহ আরও অনেক পুরস্কারও ঝুলিতে ভরেছেন ৪৬ বছর বয়সী এ তারকা অভিনেতা।