এবার তরুণ সংগীতশিল্পীদের সংগঠন
এবার নিজেদের অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে একটি সংগঠন গড়েছেন তরুণ সংগীতশিল্পীরা। প্রাথমিকভাবে সংগঠনটির নাম রাখা হয়েছে ‘রিপাবলিক অব ইয়াং মিউজিশিয়ান বাংলাদেশ’ (আরওয়াইএমবি)। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট লিমিটেডের কার্যালয়ে সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এখানে মুহিনকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই সংগঠনের অন্যতম উদ্যোক্তা সংগীতশিল্পী আসিফ জানান, ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ও সেরা কণ্ঠসহ বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় যাঁরা সাফল্য পেয়েছেন, তাঁরা এই সংগঠনের সদস্য হয়েছেন। এর বাইরেও যাঁরা বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অডিও অ্যালবাম প্রকাশ করেছেন—সেই সব তরুণ ও নতুন শিল্পীও সদস্য হতে পারবেন।তিনি বললেন, ‘শুধু কণ্ঠশিল্পী নয়, গানের সঙ্গে জড়িত তরুণ গীতিকার, সুরকার, সংগীতপরিচালক ও যন্ত্রীরা এই সংগঠনের সদস্য হতে পারবেন। তাঁদের সবার অধিকার প্রতিষ্ঠার জন্য সংগীতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা আলোচনা করব। জ্যেষ্ঠ শিল্পীরাও এই সংগঠনের সদস্য হতে পারবেন। তবে নেতৃত্বে থাকবেন তরুণেরা। সংগীতের সঙ্গে ভবিষ্যতে যাঁরা জড়িত হবেন, তাঁরা যেন কোনো সমস্যার মুখোমুখি না হন, তাঁদের জন্য এমনি এক পরিবেশ তৈরির চেষ্টা আমাদের থাকবে।’আসিফ আরও জানান, এরই মধ্যে এই সংগঠনে ৭০ জন সদস্য হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেছেন।