এবার তাঁরা দুজনেই বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাস্তবে মাহফুজ আহমেদ ও নোবেল যে বাবা এটা সবারই জানা। এ দুই তারকার পারিবারিক বোঝাপড়াটাও বেশ চমৎকার। এবার তাঁরা একসঙ্গে অল দ্য বেস্ট নামে একটি টেলিফিল্মে কাজ করতে যাচ্ছেন। যেখানে দুজনকেই দেখা যাবে বাবার ভূমিকায়। তবে বেশ নাটকীয়তা আছে এর মধ্যে। নাটকীয়তার রহস্যটা আপাতত পাত্র-পাত্রীদের কেউই এমনকি পরিচালকও প্রকাশ করতে রাজি হননি। ঈদের জন্য নির্মিত অল দ্য বেস্ট নামের টেলিফিল্মটি পরিচালনা করছেন মাহফুজ আহমেদ নিজেই। কাহিনি লিখেছেন প্রসূন রহমান। ১৩ আগস্ট থেকে ঢাকা ও পূবাইলে বিভিন্ন লোকেশনে অল দ্য বেস্টের দৃশ্য ধারণের কাজ শুরু হবে। টেলিফিল্মে দুজন বাবার বিভিন্ন কষ্টদায়ক ঘটনাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এ সম্পর্কে মাহফুজ আহমেদ বলেন, ‘পরিচালনার পাশাপাশি আমি অভিনয়ও করছি। আপাতত গল্প নিয়ে কিছু বলতে চাচ্ছি না। তবে গল্পটা অনেক বেশি সমসাময়িক। টেলিফিল্মটিতে আমি সর্বস্ব পেয়েও সব হারানো একজন বাবা। বিষয়টা যেমন আমার কাছে কষ্টদায়ক ছিল তেমনি আনন্দেরও।’নোবেল বলেন, ‘আমি আসলে নাটকের লোক নই। পরিচালক মাহফুজ আহমেদের সঙ্গে আমাদের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে গল্পটি আমার কাছে এ সময়েরই মনে হয়েছে। গল্পটি পড়ার পর আমি বেশ অনুপ্রাণিত হয়েছি। তবে এর কোথাও কোথাও পরিমার্জন চলছে। সবকিছু ঠিকঠাকভাবে শেষ হলে খুব ভালো একটা কাজ হবে বলে আমার বিশ্বাস। এতে আমরা যে চরিত্র নিয়ে কাজ করছি, বাস্তবে তেমন অনেক ঘটনা আমাদের সমাজে ঘটে থাকে।’পরিচালক সূত্রে জানা গেছে, টেলিফিল্মটি চ্যানেল আইতে ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।