এবার তাঁরা বিচারক

অভিনয়শিল্পী মাসুদ আলী খান ও দিলারা জামান, পরিচালক সাইদুল আনাম টুটুল এবং নাট্যকার মাসুম রেজা এবার বিচারক হলেন। প্রতিযোগিতার নাম ‘রয়েল টাইগার নাট্যযুদ্ধ’। পৃষ্ঠপোষক গোল্ডমার্ক বিস্কুট। টিভি নাটক নিয়ে এ রিয়েলিটি শো যৌথভাবে আয়োজন করেছে এটিএন বাংলা ও ব্যাকড্রপ লিমিটেড। প্রাথমিক বাছাই ও গ্রুমিং রাউন্ড শেষে এবার শুরু হয়েছে ‘রয়েল টাইগার নাট্যযুদ্ধ’র চূড়ান্ত প্রতিযোগিতা। সাভারে ফাহিম শুটিং স্পটে তৈরি করা হয়েছে সেট। সেখানেই গতকাল বুধবার থেকে শুরু হয়েছে চূড়ান্ত প্রতিযোগিতা।
এরই মধ্যে প্রাথমিক বাছাই ও গ্রুমিং রাউন্ড শেষে দেশের ৬৪টি জেলা থেকে ৬৪ জন নাট্যকার, ৬৪ জন পরিচালক ও ৬৪০ জন অভিনয়শিল্পী চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন। জানা গেছে, চূড়ান্ত প্রতিযোগিতার স্টুডিও রাউন্ডে ৬৪টি জেলার নাট্যকার, পরিচালক ও অভিনয়শিল্পীদের দিয়ে ৬৪টি নাটক তৈরি করা হবে। প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠান উপস্থাপনা করবেন রমিজ রাজু ও ফারহানা চৈতী। প্রকল্প পরিচালক তুহিন বড়ুয়া।