এবার তাঁরা বিচারক
নিজের গানের বাইরে কোনো টিভি অনুষ্ঠানে অতিথি হতেও ব্যাপক আপত্তি ছিল সংগীতশিল্পী হাবিবের। বন্ধুদের অনুরোধে বিশেষ দিনের হাতে গোনা কয়েকটি টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন বটে, কিন্তু কোনো প্রতিযোগিতামূলক রিয়েলিটি শোতে কখনোই যেতে রাজি হননি। এবার সেই হাবিব আসছেন শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান মার্কস অলরাউন্ডার প্রতিভার ঝলকে সেরা হও পলকের বিচারক হয়ে।এ প্রতিযোগিতার বিচারকদের মধ্যে অন্যতম আকর্ষণ জাদুশিল্পী জুয়েল আইচ। তাঁর জাদুর ব্যাপারে ছোট-বড় সবার রয়েছে দারুণ আগ্রহ। তৃতীয় বিচারক হলেন অভিনয়শিল্পী অপি করিম।জানা গেছে, তাঁরা তিনজন এবারই প্রথম কোনো রিয়েলিটি শোর বিচারকের দায়িত্বে আসছেন।৮ জুন থেকে শুরু হচ্ছে মার্কস অলরাউন্ডার প্রতিভার ঝলকে সেরা হও পলকে অনুষ্ঠানের মূল পর্বের শুটিং। এ পর্বের নাম ‘থিয়েটার রাউন্ড’। এ পর্বে তিনটি গ্রুপে ১১ জন করে মোট ৩৩ জন প্রতিযোগী অংশ নেবে। আর তা এনটিভিতে দেখানো হবে ১২ জুন থেকে। এখন দেখানো হচ্ছে বিভাগীয় বাছাইপর্ব।জানা গেছে, সারা দেশ থেকে মোট এক লাখ ২০ হাজার ছেলেমেয়ে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য নাম নিবন্ধন করে। মার্কস অলরাউন্ডার প্রতিভার ঝলকে সেরা হও পলকের এটি দ্বিতীয় আয়োজন।