এবার তাঁরা যাত্রাশিল্পী
যাত্রাপালায় অভিনয় করলেন সুমাইয়া শিমু, প্রাণ ও দিহান। যাত্রাপালায় অভিনয় তো দূরের কথা, কাছ থেকে কখনো দেখাও হয়নি। লোকমুখে শুনে, বই পড়ে আর টেলিভিশনে দেখার অভিজ্ঞতা নিয়ে তাঁরা যাত্রাপালায় অভিনয় করলেন, নাচলেন, গান করলেন। আর এই যাত্রাপালার দৃশ্যটি রয়েছে ললিতার ঈদ নাটকে। এবার ঈদে একুশে টেলিভিশনে দেখানো হবে ছয় পর্বের এই নাটকটি। রচনা ও পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। দৃশ্যটি ধারণ করার জন্য গাজীপুরের হোতাপাড়ায় যাত্রার প্যান্ডেল তৈরি করা হয়। যাত্রার পুরো আবহ যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা ছিল এখানে। ছিলেন বাদক দল, প্রম্পটার, ঘোষক—সবই। সুমাইয়া শিমু বললেন, ‘যাত্রাপালা কিংবা যাত্রার কোনো শিল্পীকে কাছ থেকে দেখা হয়নি। পরিচালক যেভাবে দেখিয়েছেন, সেভাবেই কাজটা করেছি।’ প্রাণ বললেন, ‘একজন যাত্রাশিল্পীর পোশাক গায়ে দেওয়ার পর নিজের মধ্যে যেন কেমন পরিবর্তন অনুভব করলাম।’ দিহান বললেন, ‘সামনে গ্রামের দর্শকদের প্রতিক্রিয়া, আলোকিত মঞ্চ, বাদ্যযন্ত্রীদের পরিবেশনা, ঢোল—আরও কত কিছু। প্রথমে একটু ঘাবড়ে গেলেও পুরো ব্যাপারটা খুব উপভোগ করেছি।’