এবার তাঁরা সেরা কণ্ঠের বিচারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমেদ ইমতিয়াজ বুলবুল
আহমেদ ইমতিয়াজ বুলবুল

আবার শুরু হচ্ছে সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’। এরই মধ্যে বিচারকদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা ও সামিনা চৌধুরী। তাঁদের সঙ্গে আয়োজকদের আলোচনা চূড়ান্ত হয়েছে। ২০ এপ্রিল থেকে এই প্রযোগিতার প্রাথমিক বাছাই শুরু হচ্ছে। শুরুতেই বাছাই কার্যক্রম হবে সিলেটে।

সাবিনা ইয়াসমীন
সাবিনা ইয়াসমীন

রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘যাঁরা দীর্ঘদিন ধরে গানের চর্চা করছেন, নিজেদের তুলে ধরতে এই প্রতিযোগিতা অনেক বড় সুযোগ। তবে এটাও সবাইকে মনে রাখতে হবে, এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে কখনো শিল্পী তৈরি করা সম্ভব নয়। শিল্পী হওয়ার জন্য প্রয়োজন গুরুর সান্নিধ্য, সঠিক দিকনির্দেশনা, কঠোর সাধনা আর অধ্যবসায়।’

রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

সামিনা চৌধুরী বলেন, ‘এই প্লাটফর্মকে ব্যবহার করে খুব সহজেই যে কেউ দ্রুত পরিচিত পেতে পারে। এখান থেকে অনেক কিছু শিখতে পারে। কিন্তু তা যদি পরবর্তী জীবনে ইতিবাচক ভাবে কাজে লাগাতে পারে, সেখানেই সার্থকতা।’

সামিনা চৌধুরী
সামিনা চৌধুরী

‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪’ আয়োজনের পরিচালক ইজাজ খান বলেন, ‘এই প্রতিযোগিতায় এবার আমরা অনেক পরিবর্তন আনার পরিকল্পনা করেছি। আর প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানটিও হবে আকর্ষণীয়। এগুলো এখনই জানাতে চাইছি না। পুরো ব্যাপারটা সবার জন্য চমক হিসেবেই থাকুক।’
‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৪’ প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠান উপস্থাপনা করবেন সিজিল মির্জা। চ্যানেল আইয়ের পর্দায় অনুষ্ঠানটি দেখা যাবে ১৬ মে থেকে।