এবার তারা বাবা-মেয়ে
নাটকে এবার বাবা ও মেয়ে হচ্ছেন আলী যাকের ও সুবর্ণা মুস্তাফা। বদরুল আনাম সৌদের লেখা ও পরিচালনায় ধারাবাহিকটির নাম উপসংহার। সীমান্ত ধারাবাহিকের পর সৌদ এখন তৈরি করছেন এটি। নির্মাতা সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত নাটকটির ২০ পর্বের শুটিং হয়েছে। পরিচালক জানালেন, গল্পে সুবর্ণার পালক বাবার চরিত্রে অভিনয় করেছেন আলী যাকের। তিনি একটি শহরের প্রধান। তাঁর জীবনের একটা কালো অধ্যায় আছে। একটা সময় তা সবাই জেনে যায়। আলী যাকের বলেন, ‘নাটকের গল্পে আমার জন্ম একটি পতিতালয়ে। কোনো পিতৃপরিচয় নেই। মায়ের কষ্টটাই আমার কাছে বড় হয়ে দেখা দেয়। এ জন্য নারীদের প্রতি আমার সহজাত সহানুভূতি কাজ করে। একসময় প্রচুর ধনসম্পদের মালিকও হই। সুবর্ণাকে আমি পতিতালয় থেকে নিয়ে আসি। তারপর আমাদের মধ্যে বাবা-মেয়ের সম্পর্ক তৈরি হয়।’সুবর্ণা মুস্তাফা বললেন, ‘নাটকে ১৩-১৪ বছর বয়সে আমাকে একটি পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়। তারপর সেখানে বিভিন্ন ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। এরপর আলী যাকের (নাটকে আমার বাবা) সেখান থেকে ওনার বাসায় নিয়ে আসেন। আমাকে বাবার স্নেহে লালন-পালন করেন।’ তিনি আরও বললেন, ‘এ ধরনের চরিত্রে আগে কখনো আমার অভিনয় করা হয়নি। পোশাক থেকে শুরু করে সাজসজ্জা—সবকিছুতেই একটা নতুনত্ব আনার চেষ্টা করেছি।’