এবার তিনি উপস্থাপক
উপস্থাপনা করছেন মোশাররফ করিম। চ্যানেল আইয়ের পারিবারিক গেম শো রূপচাঁদা ফ্যান্টাস্টিক ফ্যামিলির উপস্থাপক হলেন তিনি। গতকাল সোমবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আর প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানটি পরিচালনা করবেন ইফতেখার ফাহমি।মোশাররফ বলেন, ‘আমি তো অভিনয় করি। ওটাই ভালো পারি। এবার আমাকে উপস্থাপনার জন্য বলা হলো। কিছুটা সংশয় ছিল। কারণ উপস্থাপনার কাজটা আগে কখনো করিনি। আর ফাহমির নির্দেশনায় অনেকগুলো নাটকে অভিনয় করেছি। ওর সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। আশা করছি, এবারও ভালো কিছু হবে।’অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের (বিইওল) মহাব্যবস্থাপক লি পেং কোয়াং, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মোহাম্মদ আসাদুজ্জামান এবং বিজ্ঞাপনী সংস্থা বিটপির ব্যবস্থাপনা পরিচালক সারাহ্ আলী।