এবার তিনি চলচ্চিত্রের গানের গীতিকার
জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ প্রথম গান লেখেন ১৯৯২ সালে ভাই খসরু ওয়াহিদের জন্য। ‘মন তোরে পারলাম না বোঝাইতে’ শিরোনামের এ গানটি বিটিভির আনন্দমেলাতে প্রচারিত হয়েছিল। এবার ছেলে হাবিব ওয়াহিদের জন্যও গান লিখলেন বাবা ফেরদৌস ওয়াহিদ। ছেলের অনুরোধেই তাঁর তৃতীয় একক অ্যালবামের জন্য গান লিখেছেন তিনি। এর পাশাপাশি নিজের পরিচালিত প্রথম চলচ্চিত্র কুসুমপুরের গল্পের জন্যও গান লিখেছেন তিনি। চলচ্চিত্রের জন্য এটিই তাঁর প্রথম গান লেখা। গানের শিরোনাম হচ্ছে “পাগলা হাওয়ার তালে, পূজার ঢোল বাজেরে।” গেয়েছেন এস আই টুটুল ও শান্তা। আর অন্যটি হচ্ছে “ওরে আমার বাঁশিওয়ালা ,ধইরো নাগো সুর/ তুমি আমার মনের রাজা জানে কুসুমপুর।” এটি গেয়েছেন ফেরদৌস ওয়াহিদ ও ন্যান্সি।এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, এটি আমার চলচ্চিত্র। অনেক দিনের ইচ্ছে ছিল একটি রুচিশীল ও বাণিজ্যিক চলচ্চিত্র বানানোর। তবে সেটা অবশ্যই অন্য সব ছবি থেকে আলাদাও হতে হবে। তাই অনেকটা দর্শকদের বাড়তি চমক দেয়ার জন্য গানও লিখেছি। আশা করছি দুটি গানই সবার ভালো লাগবে। হিন্দু সম্প্রদায়ের গল্প নিয়ে নির্মিত ছবি কুসুমপুরের গল্পতে অভিনয় করছেন একজোড়া নতুন মুখ। এরা হলেন পুতুল ও পলাশ। পরিচালক ফেরদৌস ওয়াহিদ আরও বলেন, আপাতত ছবিটির ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে শুটিং করার কথা ছিল। কিন্তু বিশ্বকাপের খেলার কারণে এরই মধ্যে শুটিং শুরু করছিনা। আশা করছি এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই ছবিটির পরবর্তী লটের শুটিং শুরু করতে পারব।কুসুমপুরের গল্প ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন ইউসুফ আল মামুন।