এবার তিনি 'আয়নাল ফকির'

আয়নাল ফকির একজন রহস্যময় অন্ধ ভিক্ষুক। তার চোখ দিয়ে একের পর এক গল্প তুলে ধরছেন পরিচালক প্রসূন রহমান। পরিচালকের মতে, ‘ছবির গল্পে আয়নাল ফকির একজন সূত্রধর। একটি গল্পের সঙ্গে আরেকটি গল্পের যোগসূত্র ঘটায়।’
ঢাকা ড্রিম ছবিতে ‘আয়নাল ফকির’ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। তিনি বললেন, ‘আমার তো সব ধরনের ছবি করা হয় না। এ কারণে ছবিতে কাজ করার প্রস্তাব তেমন পাই না। তবে ইদানীং পরপর কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছি। আমি যে ধরনের কাজ করতে চাই, চরিত্রগুলো ঠিক তেমনই।’
ফজলুর রহমান বাবু জানান, মিজানুর রহমানের একটি ছবিতে তিনি কাজ করছেন, নাম নুরু মিয়া এবং তার বিউটি ড্রাইভার। আর মাত্র দুই দিন শুটিং করতে হবে। ২৫ জানুয়ারি শুরু হবে গিয়াসউদ্দিন সেলিমের স্বপ্নজাল। মাস ছয়েক আগে শেষ করেছেন তৌকীর আহমেদের অজ্ঞাতনামা ছবির কাজ।
মানিকগঞ্জে ঢাকা ড্রিম ছবির শুটিং হয়েছে টানা তিন দিন। ঢাকায় ফিরে গত শনিবার ফজলুর রহমান বাবু বললেন, ‘কাজ করে দারুণ লাগছে। গল্পটি অসাধারণ। এমন একটি গল্প নিয়ে চলচ্চিত্র হতে পারে, ভাবতেই পারিনি।’
প্রসূন রহমান জানান, ঢাকা ড্রিম প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার প্রয়োজনে ঢাকার পথে পাড়ি জমানো কিছু প্রান্তিক মানুষের গল্প। প্রথমবারের মতো ঢাকার উদ্দেশে যাত্রা করা নানা পেশার কিছু মানুষের ঢাকায় আসার পেছনের কারণ আর যাত্রার দিনের অন্য রকম এক ভ্রমণ অভিজ্ঞতার গল্প। এদের মধ্যে আছে অন্ধ ভিক্ষুক, রিকশাচালক, নরসুন্দর, স্বামী পরিত্যক্তা নারী, যৌনকর্মী, ছাত্র, স্বল্প শিক্ষিত বেকার, খুনি, বাদাম বিক্রেতা, টেলিভিশনের রিয়েলিটি শোতে সুযোগ পাওয়া একজন প্রতিযোগী ও নদীভাঙনে গৃহহারা একটি পরিবার।
ছবিতে আরও অভিনয় করছেন নওশাবা, শাহাদাত হোসেন, মুনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, ফজলুল হক, জয়নাল জ্যাক, মনোজ প্রামাণিক, সেরা জামান প্রমুখ। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন কুমার বিশ্বজিৎ। এরই মধ্যে দুটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী ও মমতাজ।