এবার তিনি ‘মাস্টারদা’
অভিষেক বচ্চন এবার মাস্টারদা সূর্য সেনের চরিত্রে অভিনয় করছেন। খেলে হাম জি জান সে ছবিটি তৈরি হচ্ছে হিন্দি ভাষায়। এটি পরিচালনা করছেন আশুতোষ গোয়াড়িকর।মাস্টারদার ভূমিকায় অভিনয় করতে পেরে দারুণ খুশি অভিষেক। তাঁর এ আবেগের কথা সাংবাদিকদের জানাতে ভোলেননি তিনি। অভিষেক বললেন, ‘আমি ইতিহাস ভালোবাসি। ঐতিহাসিক কাহিনিভিত্তিক ছবি দেখতে পছন্দ করি। আর ভারতের স্বাধীনতার জন্য যাঁরা লড়াই করেছেন, তাঁদের সবাইকে শ্রদ্ধা করি।’তিনি আরও বলেন, ‘বাংলার মানুষ সূর্য সেনের আত্মত্যাগের কথা জানলেও ভারতের অন্য প্রদেশের খুব কম মানুষই তাঁকে জানেন। আমি মনে করি, হিন্দিতে ছবিটি তৈরি করে এই মহান স্বাধীনতাসংগ্রামীর প্রতি নতুন করে সম্মান জানানো হলো।’অভিষেক বলেন, ‘মাস্টারদার চরিত্রে অভিনয় করার জন্য আমাকে বেশ পড়াশোনা করতে হয়েছে। সেই সময়কার ঘটনা নিয়ে তৈরি কয়েকটি ছবি দেখেছি। ওই সময়ের যেটুকু ফুটেজ পাওয়া গেছে, সেগুলো বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। মাস্টারদার লেখা চিঠিও পড়েছি।’ছবিটি তৈরি হয়েছে সাংবাদিক মানীনি চট্টোপাধ্যায়ের সূর্য সেনকে নিয়ে লেখা ডু অ্যান্ড ডাই বইয়ের ওপর ভিত্তি করে।