এবার তিশার নায়ক শাকিব খান

থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছবিতে তিশা অভিনয় করেছেন মোশাররফ করিম ও তপুর সঙ্গে আর টেলিভিশন ছবিতে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর সঙ্গে। অতিথিশিল্পী ছিলেন তারেক মাসুদের রানওয়ে ছবিতে। এবার তিশা অভিনয় করবেন শাকিব খানের সঙ্গে। ছবির নাম প্রেম করে আমি মরব। পরিচালক সাফিউদ্দিন সাফি। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। গত সোমবার রাতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তি সই করেন শাকিব খান ও তিশা।
সাফিউদ্দিন জানান, আগামী জানুয়ারি মাসে ছবিটির মহরত হবে। শুটিং শুরু হবে ফেব্রুয়ারি মাসে।
গতকাল মঙ্গলবার দুপুরে তিশা বলেন, ‘শাকিব খানের সঙ্গে আগে কখনো আলাপ হয়নি। সোমবার রাতে আমরা একসঙ্গে অনেকক্ষণ আড্ডা দিয়েছি। রাতের খাবার খেয়েছি। তাঁর বন্ধুত্বসুলভ আচরণ আমার ভালো লেগেছে। আশা করছি, আমরা একটি ভালো ছবি দর্শকদের উপহার দিতে পারব। আরেকটি কথা, আমার দর্শক এবার আমাকে একটু অন্যভাবে পাবেন।’
শাকিব খান বলেন, ‘এবারই প্রথম তিশা ও আমি একসঙ্গে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। আমার বিশ্বাস, বাণিজ্যিক চলচ্চিত্রে তিশা নিজের একটা ভালো অবস্থান করতে পারবেন।’
প্রেম করে আমি মরব ছবির সব কটি গান লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন এবং কৌশিক হোসেন।