এবার ত্রিমাত্রিক প্রযুক্তিতে ‘বিশ্বরূপম ২’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমল হাসানের ‘বিশ্বরূপম’ ছবিটি মুক্তি পেয়েছে গত মাসে। এর মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২২৫ কোটি রুপি আয় করেছে ৯৫ কোটি রুপি বাজেটের ছবিটি। এবার এই ছবির সিক্যুয়েল তৈরির কাজ শুরু করেছেন কমল হাসান। ত্রিমাত্রিক প্রযুক্তিতে ‘বিশ্বরূপম ২’ নির্মিত হচ্ছে বলে নিশ্চিত করেছেন ভারতের প্রখ্যাত এ অভিনেতা ও নির্মাতা। এ প্রসঙ্গে কমল বলেন, ‘আমরা “বিশ্বরূপম’’ ছবির সিক্যুয়েল তৈরির কাজ শুরু করে দিয়েছি। ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই দারুণ আগ্রহ নিয়ে কাজে মগ্ন হয়ে পড়েছেন। “বিশ্বরূপম’’ ছবির সিক্যুয়েল তৈরির কাজ শুরু করতে পারায় আমরা অনেক উচ্ছ্বসিত। ছবিটি তৈরি হচ্ছে অরো-থ্রিডি ফরম্যাটে।’ জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। আফগান আল-কায়েদা বাহিনীর নিউইয়র্ক আক্রমণ পরিকল্পনার বিষয়বস্তুর আলোকে নির্মিত ‘বিশ্বরূপম’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান, রাহুল বোস, পূজা কুমার, অস্কারজয়ী ভারতীয় নির্মাতা শেখর কাপুর প্রমুখ। তামিল ছবিটি নিয়ে শুরু থেকেই নানা বিতর্ক ওঠে। ছবিতে একাধিক আপত্তিকর দৃশ্য থাকার অভিযোগ তুলে প্রায় ১০ দিন প্রতিবাদ করে ভারতের দ্য ফেডারেশন অব ইসলামিক মুভমেন্টস সংগঠনসহ কয়েকটি রাজনৈতিক দল। পরে তামিলনাড়ুতে এই ছবির মুক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।এ অবস্থায় ইসলামি সংগঠনের মুখপাত্রদের সঙ্গে আলোচনায় বসেন ছবির পরিচালক, কাহিনিকার ও সহপ্রযোজক কমল হাসান। ছবির আপত্তিকর সাতটি দৃশ্য বাদ দেওয়ার দাবি মেনে নেওয়ায় আন্দোলন বন্ধে রাজি হন মুসলিম নেতারা। ‘বিশ্বরূপম’ তামিলনাড়ুতে মুক্তি পায় ৭ ফেব্রুয়ারি। এর আগে ১ ফেব্রুয়ারি তামিলনাড়ু বাদে ভারতের বিভিন্ন স্থানে মুক্তি পায় এর হিন্দি সংস্করণ।