এবার ত্রিমাত্রিক ‘ইনডিপেন্ডেন্স ডে’
‘টাইটানিক থ্রিডি’র সাফল্যের পর এবার ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন ছবি ‘ইনডিপেন্ডেন্স ডে’র ত্রিমাত্রিক সংস্করণ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর পরিবেশক সংস্থা টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স। মূল ছবি মুক্তির ১৭ বছর পর ২০১৩ সালের ৩ জুলাই বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ত্রিমাত্রিক ‘ইনডিপেন্ডেন্স ডে’। এরই মধ্যে রোল্যান্ড এমারিচ পরিচালিত মূল ছবিটি থ্রিডি ফরম্যাটে রূপান্তরের কার্যক্রম শুরু হয়েছে। আর এ দায়িত্ব দেওয়া হয়েছে স্টেরিও থ্রিডি নামের একটি কোম্পানিকে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ ছবিটি থ্রিডি ফরম্যাটে রূপান্তরের দায়িত্বেও ছিল স্টেরিও থ্রিডি। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ।উল্লেখ্য, চলতি বছরের ৪ এপ্রিল মুক্তি পেয়েছে ‘টাইটানিক থ্রিডি’। মুক্তির পর থেকে এখন পর্যন্ত দারুণ ব্যবসা করেছে ছবিটি। এটি থ্রিডি ফরম্যাটে রূপান্তর করতে খরচ হয়েছিল ১৮ মিলিয়ন ডলার। আর মুক্তির পর এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে ছবিটি আয় করেছে ৩৪২ মিলিয়ন ডলারেরও বেশি।‘ইনডিপেন্ডেন্স ডে’ ছবিতে মার্কিন বিমানবাহিনীর ক্যাপ্টেন চরিত্রে অভিনয় করেছেন উইল স্মিথ। ভিনগ্রহের অধিবাসীদের আক্রমণ থেকে পৃথিবীকে রক্ষার শ্বাসরুদ্ধকর কাহিনি নিয়ে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৮০০ মিলিয়ন ডলার।