এবার ধারাবাহিকে মোশাররফ করিমের স্ত্রী
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের স্ত্রী রোবেনা রেজা জুঁই প্রথম টিভিনাটকে অভিনয় করেন ‘সিমিলার টু’তে। এটি ছিল এক ঘণ্টার নাটক। পরিচালনা করেছেন আবু নাসের মুনির। নাটকটিতে তাঁর সহশিল্পী ছিলেন স্বামী মোশাররফ করিম। মাস দুয়েকের ব্যবধানে আবারও নাটকে অভিনয় করলেন তিনি। তবে এবার আর মোশাররফ করিমের বিপরীতে নয়। সহ-অভিনেতা হিসেবে আছেন জয়রাজ। নাটকের নাম ‘জামাইমেলা’। বৃন্দাবন দাসের রচনা ও কবির বাবুর পরিচালনায় এরই মধ্যে নাটকটির একটি পর্বে তাঁকে দেখানো হয়েছে। সামনের পর্বগুলোতেও নিয়মিতভাবে তাঁকে দেখা যাবে বলে জানা গেছে। নাটকটিতে তিনি স্বনামেই অভিনয় করেছেন। নাটকে অভিনয় প্রসঙ্গে জুঁই বলেন, ‘সিমিলার টু আমার প্রথম অভিনীত নাটক হলেও প্রচারিত নাটকের দিক থেকে প্রথম জামাইমেলা। প্রথম নাটকে কিছুটা জড়তা থাকলেও এ নাটকে কাজ করতে এসে সেটা ছিল না। সবাই বেশ সহযোগিতা করেছেন। যদি দর্শকেরা ভালোভাবে গ্রহণ করে এবং পরিচালকেরা আমার অভিনয়ে সন্তুষ্ট হন, তাহলে অভিনয়ে নিয়মিত হতে আপত্তি নেই। তবে সেটা কোনো অবস্থায়ই পেশা হিসেবে নয়।স্ত্রীর অভিনয়ের ব্যাপারে মোশাররফ করিম বলেন, অভিনয়ের সহজাত যে বিষয়টা, সেটা ওর অনেক ভালোভাবে দখলে আছে বলে মনে হয়। তা ছাড়া পরিচালকেরাও তার অভিনয়ে বেশ মুগ্ধ। জুঁই যদি অভিনয়ে নিয়মিত হতে চায়, তাতে আমার কোনো আপত্তি নেই। তবে আমি চাইব, সে নিজের যোগ্যতায় এটা করবে।