এবার নজরুল সাহিত্য নিয়ে প্রাঙ্গণে মোর দলের নাটক
প্রতিষ্ঠার শুরুতেই প্রাঙ্গণে মোর ঘোষণা দিয়েছিল, রবীন্দ্রনাথের নাটকের চর্চাই হবে এ দলটির অন্যতম কাজ। এর পাশাপাশি বাংলার অন্য বিখ্যাত ব্যক্তিদের সাহিত্য নিয়েও কাজ হবে। এরই মধ্যে প্রাঙ্গণে মোর মঞ্চে এনেছে রবীন্দ্র সাহিত্য থেকে শ্যামাপ্রেম, স্বদেশী ও রক্তকরবী নাটক। তাদের সর্বশেষ সংযোজন মুকুন্দ দাসকে নিয়ে নাটক লোকনায়ক। এবার নজরুল সাহিত্য নিয়ে নাটক তৈরি করছে প্রাঙ্গণে মোর। নাম দ্রোহ প্রেম নারী। আগামী সপ্তাহে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।প্রাঙ্গণে মোর দলের পরিচালক অনন্ত হিরা জানান, কাজী নজরুল ইসলামের গীতিনাট্য আলেয়া অবলম্বনে তৈরি হয়েছে মঞ্চনাটক দ্রোহ প্রেম নারী। আর মূল ভাবনাটা নেওয়া হয়েছে নজরুলের কবিতার ‘কোনো দিন একা হয়নি জয়ী পুরুষের তরবারী, শক্তি দিয়াছে প্রেরণা দিয়াছে বিজয়লক্ষ্মী নারী’ লাইন থেকে। প্রায় পাঁচ মাস ধরে নাটকটির মহড়া দিয়েছেন তাঁরা। অনন্ত হিরা বললেন, ‘নজরুলকে নিয়ে কাজ করার পরিকল্পনা আমাদের আগে থেকেই ছিল। আর মঞ্চে নজরুলকে নিয়ে কাজের সংখ্যাও একেবারেই কম। এ দিকটি বিবেচনা করে আমরা এমন একটা বিষয় বেছে নিয়েছি, যাতে দর্শক নাটকটি দেখার ব্যাপারে আগ্রহী হয়।’জানালেন, নাটকটিতে ১৩টি গান থাকছে। সব কটিই নজরুলসংগীত থেকে নেওয়া। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শারমীন সাথী ইসলাম ও জাকির হোসেন। সংগীত পরিচালনা করেছেন শিশির রহমান। আর নাটকটির নির্দেশনা দিয়েছেন রামিজ রাজু।