এবার নাটকে বারী সিদ্দিকী
‘মাটির পিঞ্জিরা’ চলচ্চিত্রে অভিনয়ের পর এবারে একটি নাটকে অভিনয় করলেন জনপ্রিয় সংগীতশিল্পী বারী সিদ্দিকী। নাটকের নাম ‘পাগলা ঘোড়া’। সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ফেরারি অমিতের রচনা ও পরিচালনায় নাটকটিতে বারী সিদ্দিকীসহ আরও অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন, ভিট টপ মডেল খ্যাত তানিয়া কাজী প্রমুখ। শিগগিরই নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে। নাটকটি প্রযোজনা করেছেন সরকার সিরাজুল হক। ‘পাগলা ঘোড়া’ নাটকে তাঁর অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে বারী সিদ্দিকী বলেন, ‘নাটকটিতে অতিথি চরিত্রে অভিনয় করেছি আমি। কাজটি করে ভালো লেগেছে।’ নাটকের কাহিনিতে দেখা যাবে, মাস্টার্স পাশ করে চাকরি খুঁজছে নাবিল। তাঁর বাবা ছিলেন সরকারী চাকুরিজীবী। চার বছর আগে বাবাকে হারানোর পর থেকেই নাবিলদের সংসার চলে তাঁর বাবার পেনশন ও বাসা-ভাড়া দিয়ে। নাবিলের কাছে বাবার রেখে যাওয়া স্মৃতির মধ্যে অন্যতম হচ্ছে একটি মোটরসাইকেল। ছোটবেলায় সে এটির নাম রেখেছিল ‘পাগলা ঘোড়া’। অভাবের সংসারে অনেক কষ্ট হলেও, বাবার শেষ স্মৃতি বিক্রি করেনি নাবিল। কিন্তু তাঁর মা খুব অসুস্থ হয়ে পড়লে কোনো উপায় খুঁজে না পেয়ে শেষ পর্যন্ত মোটরসাইকেলটি বিক্রি করে দেয় সে। মায়ের জীবন বাঁচানোর তাগিদেই বাবার শেষ স্মৃতিটাকে হাতছাড়া করতে হয় তাঁকে।