এবার নাটকের গানে
কিছুদিন আগে গহীনে শব্দ ছবিতে গান করেছিলেন হায়দার হোসেন। এবার নাটকের জন্য গান করলেন তিনি। তাও একটি নয়, একসঙ্গে দুটি ধারাবহিকের সূচনাসংগীত গেয়েছেন। নাটক দুটির একটি সাইফুল ইসলামের অজানা গন্তব্যে, অন্যটি শিমুল সরকারের পরিচালনায় ডাইরেক্টর।‘জানি কি জীবন নদী, হারায়ে পথ যদি/কোন বালুচরে গিয়ে পড়বে, পথচলা অবিরাম/কিবা ডান কিবা বাম, অজানা গন্তব্যে’—এমনি একটি গানের কথায় কণ্ঠ দিয়েছেন হায়দার হোসেন। আর ডাইরেক্টর নাটকের গানটি হলো ‘স্বপ্ন দেখে স্বপ্ন পাগল, স্বপ্নে বোনে বাসা/স্বপ্নে চলে ভাঙা গড়া, স্বপ্নে যত আশা’। গানটির কথা এবং সুর হায়দার নিজেই করেছেন। অজানা গন্তব্যে নাটকের সূচনাসংগীতের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।নাটকের গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে হায়দার হোসেন বলেন, ‘আলাদা তেমন কিছু মনে হয়নি। তবে অ্যালবামের গানের চেয়ে একটু ছোট করতে হয়। নাটকের কাজের আরেকটা মুশকিল হলো, এর চিত্রনাট্যটা পড়তে হয়। চিত্রনাট্যটা না পড়লে নাটকের বক্তব্যটা সূচনাসংগীতে উঠে আসবে না। এসব ঝামেলার কারণে নাটকের কাজ খুব একটা করতে চাই না। কারণ, নাটকের কাজে খাটনিটা একটু বেশি করতে হয়।’