এবার নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য প্রফেশন্যাল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ মে নিউইয়র্ক নগরের ট্রিবেকা থিয়েটারে অনুষ্ঠিত হবে নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এটি এর ১১তম আসর। আর এতে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশের ছবি ‘দ্য প্রফেশন্যাল’। ১১ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের ছবিটি তৈরি করেছেন অনিকেত আলাম। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরিফ সায়িদ ও আবদুল হান্নান।এ ব্যাপারে পরিচালক অনিকেত আলাম বলেন, ‘এর আগেও আমার এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কয়েকটি চলচ্চিত্র উত্সবে আমন্ত্রিত হয়েছে। আমার জন্য সবচেয়ে বেশি সম্মানজনক ছিল ১৮তম রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালে (২০১০) অংশ নেওয়া। এবারেরটা খুশির সংবাদ। ভালো লাগছে এ ধরনের একটি উত্সবে আমন্ত্রণ পেয়ে।অনিকেত আলাম এর আগে শিশু অধিকার নিয়ে বেশ কিছু তথ্যচিত্র নির্মাণ করেন। এ ছাড়া ‘আউট অব দ্য বক্স’ নামে একটি চলচ্চিত্র নির্মাণেরও কাজ করছেন। তিনি যুক্তরাজ্যের বর্ন মাউথ ফিল্ম স্কুলে পড়ালেখা শেষ করে বর্তমানে দেশে অবস্থান করছেন।দ্য প্রফেশন্যালের গল্প সম্পর্কে পরিচালক বলেন, ‘ছবিটিতে আসলে আমাদের সমাজের নানা পেশার লোকজনের পেশাদারির ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেছি।’পাঁচ দিনব্যাপী নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল উত্সবে সর্বমোট ২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।জানা গেছে, উত্সবের প্রথম দিনে ঋষি কাপুর ও নিতু সিং অভিনীত ‘দো দুনি চার’ ছবিটি প্রদর্শিত হবে। আর শেষ দিন ঋতুপর্ণ ঘোষ পরিচালিত রাইমা সেন ও রিয়া সেন অভিনীত রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ‘নৌকাডুবি’ দেখানো হবে।উল্লেখ্য, গত বছর আরও তিনটি চলচ্চিত্র উত্সবে দ্য প্রফেশন্যাল আমন্ত্রিত হয়। সেগুলো হচ্ছে শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল (২০১০), ২৫তম পোর্ট লডারডেল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (২০১০) এবং ১৮তম রেইনড্যান্স ফিল্ম ফেস্টিভ্যাল (২০১০)।