এনটিভিতে আজ রাতে দেখানো হবে নাটক অর্থহীন মানিপ্ল্যান্ট। এটি রচনা ও পরিচালনা করেছেন মাসুদ হাসান। এতে অভিনয় করেছেন পার্থ বড়ুয়া। কথা হলো তাঁর সঙ্গে।‘অর্থহীন মানিপ্ল্যান্ট’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।সাত মাস আগে কাজটা করেছিলাম। হুমায়ুন ফরীদি ও রিচির সঙ্গে এটাই ছিল আমার প্রথম কাজ। শুরুতে ফরীদি ভাইয়ের সঙ্গে শট দিতে খুব অসুবিধা হচ্ছিল। কারণ, আমি তাঁকে খুবই শ্রদ্ধা করি। তিনি আমার কাছে অনেক বড় ব্যাপার। শেষে ফরীদি ভাই এসে বললেন, এভাবে ভাবলে তো আর কাজ করা যাবে না। এদিকে রিচির সঙ্গেও আগে কোনো পরিচয় ছিল না। তাঁর সঙ্গে একটা রোমান্টিক দৃশ্য ছিল। এই নিয়ে শুটিংয়ের সময় অনেক মজা হয়েছে।বাংলাভিশনের ‘ফিফটি ফিফটি’ ধারাবাহিকের খবর কী?নাটকে আমি একজন পরিচালক। আমার চারজন সহকারী—মোশাররফ করিম, আ খ ম হাসান, ফারুক আহমেদ ও এজাজুল ইসলাম। তাঁদের সঙ্গে প্রথম দিন শুটিং করতে এসে একটাও শট দিতে পারিনি। তাঁদের কাজ দেখে সারা দিন শুধুই হেসেছি।আর এনটিভির ‘এফএনএফ’?এর আগে অপি করিমের সঙ্গে তিনটি এক ঘণ্টার নাটক করেছিলাম। এবার আমরা একই ধারাবাহিকে কাজ করছি। নাটকে অপি আমার স্ত্রী। নাটকে আমার চরিত্রটি খুবই মজার। আমার একটু বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যাস। কিন্তু শুটিং তো শুরু হয় সকালে। তাই বাধ্য হয়ে এক দিন আমার জন্য সবাই বসে ছিল। এটা জানার পর খুব খারাপ লেগেছে।ঈদের আগে আসছে সোলসের অ্যালবাম। আপনার নিজের একক অ্যালবামের কথা কিছু ভেবেছেন?আমি গান-বাজনার সঙ্গে যুক্ত হয়েছি সেই ১৯৮৯ সালে। এবারই প্রথম আমি নিজের একক অ্যালবামের কাজ করছি। কাজ প্রায় হয়ে গেছে। আটটি বিষয়ের ওপর গান করেছি। এর মধ্যে আছে রাজাকার, মুখোশ, নস্টালজিয়া, নদী, ভালোবাসা, বন্ধ, শহর ও মেঘদল। গানগুলোর কথা ও সুর অন্য ধরনের। গত দুই মাস থেকে আমি গানের দিকে খুব মন দিয়েছি। হঠাৎ নাটক আর প্রতিযোগিতা নিয়ে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে গানটা ঠিকমতো হচ্ছিল না।অন্য কারও গানের সুর ও সংগীত পরিচালনা করছেন?বিচ্ছিন্নভাবে অনেকের গানেই সুর করেছি। ১৯৯১ সালে পলাশের প্রথম মৌলিক গানের পুরো অ্যালবামের সুর ও সংগীত পরিচালনা করেছিলাম। এবার আবার করছি। যুক্তরাষ্ট্রপ্রবাসী শিল্পী পলবাসার পুরো অ্যালবামের কাজ করেছি। এখন থেকে খুব ভালো ও সম্ভাবনাময় শিল্পীদের পুরো অ্যালবামের কাজ করার ইচ্ছা আছে।