এবার নৃত্যশিল্পী বন্যা মির্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চ ও টিভি অভিনেত্রী বন্যা মির্জা এবার নৃত্যশিল্পী। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত নাচের অনুষ্ঠানে তাঁকে নৃত্য পরিবেশন করতে দেখা যাবে। নাম হে পার্থ সারথী। গত শুক্রবার নাচটির শুটিংয়ে অংশ নেন বন্যা মির্জা। ‘চুলে বাঁধি ফুলরে, খোঁপায় তারার ফুলরে, অঙ্গে জড়াই বাসন্তী শাড়ি’—শিরোনামের এই নজরুল সংগীতের সঙ্গে একটি একক নৃত্যে অংশ নিয়েছেন বন্যা মির্জা। বন্যা মির্জা বলেন, ‘আমি ১৯৯৫ সাল থেকে পাঁচ বছর পর্যন্ত সোমা মমতাজের কাছে নাচ শিখেছি। কিন্তু কখনো টিভিতে নাচের অনুষ্ঠানে অংশ নেওয়া হয়নি। এবারই প্রথম টিভিতে নাচের অনুষ্ঠানে অংশ নিলাম। বলতে পারেন এটা অনুষ্ঠানটির প্রযোজকের অনুপ্রেরণা এবং সাহস জোগানোর ফলে। আরেকজনের কথা না বললেই নয়। তিনি হচ্ছেন নৃত্যশিল্পী সোহাগ। তিনি যদি আমাকে সহযোগিতা না করতেন তাহলে এত কম সময়ে নাচটি করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না।’বন্যা মির্জা আরও জানান, ‘এর আগে টিভি নাটক ও মঞ্চে টুকটাক নৃত্যে অংশ নিয়েছিলাম। এবারই পুরো একটি নাচের সঙ্গে পারফর্ম করলাম। আমি আসলে শুধু চেষ্টাটাই করেছি। জানি না কতটুকু করতে পেরেছি।’ অনুষ্ঠানটিতে বন্যা মির্জা ছাড়া আরও নৃত্য পরিবেশন করবেন ঈশিতা, সোহানা সাবা ও লাক্স তারকা আলভী।রেহানা রাহার প্রযোজনায় হে পার্থ সারথী নামের নাচের এই অনুষ্ঠানটি আগামী ২৫ মে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাভিশনে দেখানো হবে।