এবার পটুয়াখালীতে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সম্মেলন
আগামী ১১ মার্চ পটুয়াখালীতে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৩৫তম সম্মেলন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তি তোরে পেতেই হবে’ এ প্রত্যয়ে তিন দিনের এই সম্মেলনে রবীন্দ্র পদক প্রদান করা হবে পটুয়াখালীর সংস্কৃতি সেবক নির্মল কুমার দাশ গুপ্তকে। সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। স্থানীয় শেখ রাসেল শিশু পার্কে আয়োজিত উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি থাকবেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
আজ সোমবার ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি ও রবীন্দ্র গবেষক সন্জীদা খাতুন, সহসভাপতি আ ব ম নূরুল আনোয়ার, সাধারণ সম্পাদক লাইসা আহমদ, কোষাধ্যক্ষ লিলি ইসলাম, বুলবুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে সন্জীদা খাতুন বলেন, ‘আমরা রবীন্দ্র সংস্কৃতিকে সবার কাছে তুলে ধরতে চাই। এ নিয়ে কে কী ভাবছে, তার বিনিময় হয় আমাদের সম্মেলনের মাধ্যমে। রবীন্দ্রনাথ কী বলে গেছেন, তাঁর সঙ্গে জীবনের অনেক অভিজ্ঞতা মিলে যায়। দেশের মানুষ যদি অন্য পথে চলে যায়, তাদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আমরা বোঝাব ভুলগুলো কোথায়। আমাদের দেশের মানুষ আমাদের আত্মীয়। আমরা যদি মানুষকে মানুষের সম্প্রীতির বোধে ফিরিয়ে আনতে পারি, তবে এ প্রতিষ্ঠানটি সার্থকতা পাবে।’
সংগঠনের ইতিহাস ব্যাখ্যা করে সন্জীদা খাতুন বলেন, জাহীদুর রাহীম স্মৃতি পরিষদ নামে ১৯৭৮ সালে এ সংগঠনের যাত্রা শুরু হয়। তখন এ নাম সবার কাছে পরিচিত ছিল না। পরে ১৯৮০ সালে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ নাম রাখা হয়।
লিখিত বক্তব্যে লাইসা আহমদ জানান, আয়োজনের তিন দিনই সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছে গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। শেষ দিন সকালে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনার অনুষ্ঠিত হবে। পটুয়াখালীর সংস্কৃতি রসিকদের জন্য এবারের সম্মেলনে যুক্ত হয়েছে মুকুন্দ দাসের গান, ছায়ানটের গীতি-আলেখ্য, কণ্ঠশীলনের কাব্য আলেখ্য ও নৃত্যনন্দনের রবীন্দ্র নৃত্যনাট্য ‘চণ্ডালিকা’ পরিবেশনা। এ ছাড়া বরাবরের মতো থাকছে পঞ্চকবির গান ও লোকসংগীত। বার্ষিক অধিবেশন উপলক্ষে যথারীতি প্রকাশিত হচ্ছে বিশিষ্টজনের লেখা প্রবন্ধের সংকলন—সংগীত সংস্কৃতি।