এবার পরিচালনায় পিটার জ্যাকসন
দুই বছর ধরে সবাই জানত গুইলেরমো ডেল টরো দ্য হবিট পরিচালনা করবেন। কিন্তু মাসখানেক আগে হেলবয় ছবির এ পরিচালক জানালেন, তিনি হবিট প্রজেক্টে আর থাকতে পারছেন না। কারণ হিসেবে বললেন, শিডিউল জটিলতার কথা। অথচ গত দুই বছর যাবত্ তিনি হবিট ছবির প্রি-প্রোডাকশনের কাজ করছিলেন। সম্ভবত এবার তিনি নিজের হেলবয় সিরিজের তৃতীয় পর্বের দিকে নজর দেবেন। তবে হবিটের জন্য চিত্রনাট্য লেখার কাজে তিনি সহায়তা করে যাবেন বলে জানিয়েছেন। কিন্তু হবিট তবে কে পরিচালনা করবেন? ওয়েবে খবর ছড়িয়ে ছিল ডিস্ট্রিক্ট নাইনের পরিচালক নিল ব্লুমক্যাম্প ছবির দায়িত্ব পাচ্ছেন। কিন্তু জানা গেছে, তিনি এ জাতীয় কোনো প্রস্তাব পাননি। তিনি নিজের একটি সায়েন্স ফিকশন ছবি নিয়ে ব্যস্ত আছেন। তবে কি দ্য লর্ড অব দ্য রিংসের অস্কার বিজয়ী পরিচালক স্যার পিটার জ্যাকসনই তাঁর ট্রিলজি ছবির এই প্রিকুয়্যাল নির্মাণে নিজেই হাত লাগাবেন? অবস্থাদৃষ্টিতে এখন তা-ই মনে হচ্ছে। অবশ্য তিনি ছাড়া এ কাজে যোগ্যতর আর কে হতে পারেন? তা ছাড়া পিটার এত দিন দ্য হবিট ছবির প্রযোজক হিসেবেই কাজ করছিলেন। এখনো অফিসিয়াল ঘোষণা না এলেও, জানা গেছে দ্য লর্ড অব দ্য রিংস ছবির দুটি হবিট প্রিকুয়্যাল নির্মাণের ব্যাপারে পিটার জ্যাকসনের সঙ্গে মুভির প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স, নিউ লাইন সিনেমা ও এমজিএমের আলাপ চলছে।উল্লেখ্য, ছবি দুটি যথাক্রমে ২০১২ ও ২০১৩ সালে মুক্তি পাওয়ার কথা। অস্কার জয়ী দ্য লর্ড অব দ্য রিংসের আগের কাহিনি এ ছবি দুটিতে চিত্রায়িত হবে। জে আর আর টলকিনের উপন্যাস অবলম্বনে পিটার জ্যাকসনই প্রিকুয়্যাল দুটির পরিকল্পনা করেছিলেন।