এবার পাঠ্যবইয়ে হূতিক
লন্ডনের মাদাম তুসো জাদুঘরে মোমের মূর্তির পর এবার পাঠ্যবইয়ে স্থান করে নিলেন বলিউডের অভিনেতা হূতিক রৌশন। ভারতীয় সিনেমানির্ভর এ বইটি লিখেছেন ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনার চলচ্চিত্র শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক নন্দনা বোস। সুগঠিত পেশির অধিকারী হূতিককে নিয়ে লেখা বইটির বিষয়বস্তু হচ্ছে ‘তাঁর শরীর’। সূত্রমতে আরও জানা গেছে, বইটি লেখার জন্য নন্দনা বোস অনেক নির্মাতার সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। যাঁরা হূতিককে নিয়ে ছবি বানিয়েছেন। হূতিককে নিয়ে রচিত এ অধ্যায়ের পুরোটা জুড়ে গুরুত্বের সঙ্গে স্থান পাবে তাঁর শারীরিক গঠন এবং সিনেমায় আসা থেকে শুরু করে এখন পর্যন্ত তাঁর সফল অবস্থান সম্পর্কে। বইটিতে ‘যোধা আকবর’, ‘কৃশ’, ‘ধুম’সহ বেশ কয়েকটি ছবির দৃশ্য স্থান পাবে।সূত্রমতে আরও জানা গেছে, এ বইটির মাধ্যমে সব ছাত্রছাত্রী হূতিক রৌশনের ভারতীয় চলচ্চিত্রে আগমন এবং তাঁর বিষয়ে খুঁটিনাটি অনেক কিছুই জানতে পারবে।উল্লেখ্য, হূতিক রৌশন ‘কাইটস’ ছবির মাধ্যমে আন্তর্জাতিকভাবে নিজের আলাদা একটা অবস্থান করে নিয়েছেন। এর মাধ্যমে তিনি ভাষাগত যে প্রতিবন্ধকতা, সেটা দূর করতে সক্ষম হয়েছেন।