যাত্রদলে পালার অভাব পূরণ করতে দেশের পালাকারদের উৎসাহ দিচ্ছেন দলের মালিকেরা। নতুন নতুন পালা নেওয়া হচ্ছে পেশাদার দলগুলোতে। বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেশীয় পালাকারের পালা সংগ্রহ শুরু করেছে। এসব পালা পড়তে দেওয়া হচ্ছে অভিজ্ঞ ব্যক্তিদের কাছে। আর পালাকারদের ডেকে সেমিনার ও পালা রচনা কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগ।
‘যাত্রাশিল্প নীতিমালা’ পাসের পর যাত্রার সব বিষয়ই দেখাশোনা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। গঠন করা হয়েছে ‘যাত্রাশিল্প উন্নয়ন কমিটি ২০১২’। এই কমিটির চেয়ারম্যান বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সদস্যসচিব নাট্যকলা বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। যাত্রাশিল্প নিয়ে নানা ধরনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আহ্বানে এরই মধ্যে শতাধিক পালা জমা পড়েছে। যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে পালা খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমী সূত্রে জানা গেছে, শিগগিরই ‘পালা রচনা ও যাত্রা পরিবেশনায় উপস্থাপনা রীতি এবং দেশীয় পালার সংকট’ শিরোনামে একটি সেমিনার আয়োজন করা হবে।