এবার পুরো ছবির সংগীত পরিচালক টিপু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইবরার টিপু এবার একই চলচ্চিত্রের সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন। ছবির নাম ছেলেটি। সরকারি অনুদানের এই ছবি পরিচালনা করছেন সামিয়া জামান। এখানে গান থাকছে চারটি। টিপু জানান, তিনটি গানের কাজ পুরোপুরি শেষ হয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কণা এবং ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার কবি, রানা, ক্রান্তি, স্মরণ এবং ইবরার টিপু নিজেই। গানগুলোর কথা লিখেছেন জুলফিকার রাসেল।ইবরার টিপু চলচ্চিত্রে প্রথম সংগীত পরিচালনা করেন ২০০৮ সালে। ছবির নাম তুমি আমার স্বামী। ওই ছবিতে তিনি দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেন। এরপর ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় লাল টিপ ছবিতে টিপুর সুর ও সংগীত পরিচালনায় তৈরি গানে কণ্ঠ দেন ন্যান্সি।টিপু বলেন, ‘এবারই প্রথম একই ছবিতে সব কটি গানের সুর ও সংগীত পরিচালনার কাজ করছি। ব্যাপারটি নিশ্চয়ই আনন্দের। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত গানের সুর করার পর ভালো কিছু তৈরির চেষ্টা করছি। আশা করছি, দর্শক ও শ্রোতারা অন্য রকম একটা স্বাদ পাবেন।’