এবার বগুড়ার গোকুলে ‘ইত্যাদি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সভ্যতা তুলে ধরার জন্যই এবার ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নতুন পর্বের চিত্রায়ণ করা হলো বগুড়ার মহাস্থানগড়ের গোকুলে। প্রাচীন নগর হিসেবে পরিচিত পুণ্ড্রনগর আজকের এই মহাস্থানগড়। তারই অদূরে গোকুল এলাকায় গোকুল মেধ বা বেহুলার বাসর ঘর নামে পরিচিত প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গায় করা হয়েছে ইত্যাদির মঞ্চ। বগুড়া শহর থেকে ১০ কিলোমিটার উত্তরে এই ‘গোকুলের মেধ’। এটি হাজার বছরের পুরোনো বৌদ্ধমন্দির। ৩৫ ফুট উঁচু এ স্থাপনাকে অনেকে বেহুলার বাসর ঘর বলেও জানে। ৩০০ ফুট জায়গা নিয়ে মুকিমুল আনোয়ার সেট ডিজাইন করেছেন। ইত্যাদির চিত্রধারণের সময় দর্শকদের জন্য ছিলপাঁচ হাজার আসন।এ ছাড়াও পাশের একটি স্কুল মাঠে বড় পর্দায় দেখানো হয়েছেইত্যাদির চিত্রধারণ।সন্ধ্যা সাতটা থেকে শুরু হয় ইত্যাদির নতুন পর্বের চিত্রায়ণ। ১৮ এপ্রিল বেলা ১১টা থেকে এন্ড্রু কিশোর ও বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের ২৫ জন ছাত্রী এখানে গানের মহড়া করেন। এর আগে বগুড়া ইয়ুথ কয়্যারের ৭০ জন শিল্পী সমবেত গানের মহড়ায় অংশ নেন। ইত্যাদির পরিকল্পক, উপস্থাপক ও পরিচালক হানিফ সংকেত বলেন, ‘আমরা এখন দেশের বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনে অনুষ্ঠানটির কাজ করছি। সেই ধারাবাহিকতায় এবার গোকুল মেধ মন্দিরে। এখানে আমাদের কর্মীরা প্রচণ্ড রোদ উপেক্ষা করে ইত্যাদির প্রতি ভালোবাসায় সারা দিন কাজ করেছেন। এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে আমাদের পুরো দলকে পানীয় ও খাবার সরবরাহ করেছে বিনা মূল্যে। সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’১৮ এপ্রিল রাতে গোকুল মেধে ইত্যাদির চূড়ান্ত চিত্রায়ণের কাজ করা হয়েছে। এর কয়েক দিন আগে থেকে হানিফ সংকেতের নেতৃত্বে প্রায় ২০০ জন সেখানে কাজ শুরু করেন।রোববার চূড়ান্ত চিত্রায়ণের আগে ইত্যাদি দেখতে এসেছিলেন মহাস্থানগড় এলাকার বৃদ্ধ বারেক প্রামানিক। তিনি গেটের কাছে বলছেন, ‘এটি (এখানে) বলে ইত্যাদি হবি। তাই দেখবার আছি। আইসা দেখোছি কী কারবার। আইলা অনুষ্ঠান করতি এত লাইট আর যন্ত্রপাতি বাবা আগে দেকোনি (দেখিনি)।’ ১০ বছরের শিশু এসেছে ঠেঙ্গামারা গ্রাম থেকে। এ রকম আবালবৃদ্ধবনিতা সবাই এসেছিলেন ইত্যাদির অনুষ্ঠান দেখতে।হানিফ সংকেত বললেন, ‘আমি অভিভূত হয়ে গেছি। সারা দেশে আমি ইত্যাদির অনুষ্ঠান করেছি কিন্তু এত মানুষ পাইনি।’ তিনি বলেন, প্রাচীন সভ্যতা, ঐতিহ্য ও ইতিহাসকে তুলে ধরতে এর আগে ঢাকার লালবাগের কেল্লা, কুমিল্লার লালমাই পাহাড়, কক্সবাজার সমুদ্রসৈকতে ইত্যাদির চিত্রায়ণ করা হয়েছে। তারই ধারাবাহিতায় বগুড়ার মহাস্থানগড়ের গোকুলে, যাকে মানুষ বেহুলার বাসর ঘর হিসেবে মনে করে, সেই লোকেশনটি বেছে নিয়েছি।’ রোববার সন্ধ্যায় চূড়ান্ত চিত্রায়ণ করার কাজ শুরু হয়। বগুড়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বগুড়া ইয়ুথ কয়্যারের একটি পাহাড়ি দলীয় নৃত্যের চিত্রায়ণ করা হয়। বগুড়ার ধুনটের এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী হাত-পা ছাড়াই কনুই দিয়ে পরীক্ষা দিচ্ছে—এমন এক যুবককে ইত্যাদির পক্ষ থেকে তার লেখাপড়ার জন্য দুই লাখ টাকা দেওয়ার দৃশ্য চিত্রায়ণ করা হয়। আরও চিত্রায়ণ করা হয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের একটি গান। নানা-নাতির দৃশ্যও বাদ যায়নি।