এবার বলিউড প্রিমিয়ার লিগ
আইপিএল ক্রিকেটের আদলে এবার শুরু হতে যাচ্ছে বলিউড প্রিমিয়ার লিগ। তবে ওই প্রিমিয়ার লিগে কেবল ভারতের বিনোদন জগতের লোকেরাই থাকছেন। গতকাল মঙ্গলবার রাতে লিগের উদ্যোক্তা সালমান খানের ভাই সোহেল খান এ কথা জানান। তবে আপাতত এই প্রিমিয়ার ক্রিকেট লিগের নাম রাখা হয়েছে সোহেল খান এন্টারটেইনমেন্ট অ্যান্ড সেলিব্রেটি ক্রিকেট লিগ। বলিউড ছাড়াও ওই লিগে অংশ নেবেন দক্ষিণ ভারতের তামিল ছবির কমল হাসান এবং রজনীকান্তদের মতো অভিনয়শিল্পীরা। তাঁদের পাশাপাশি ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের তেলেগু, কর্নাটক রাজ্যের কানাড়া ও কেরালা রাজ্যের মালয়ালাম ছবির অভিনেতারাও থাকবেন।পাঁচটি দল নিয়ে আপাতত শুরু হচ্ছে এবারের লিগ। বলিউড দলের অধিনায়ক নায়ক সুনীল শেঠি ও সহ-অধিনায়ক রিতেশ দেশমুখ ছাড়াও প্রথম একাদশে থাকছেন সালমান খান, ইরফান খান প্রমুখ। তবে অন্য চারটি রাজ্যের বিনোদন জগতের খেলোয়াড়দের তালিকা এখনো পাওয়া যায়নি। সালমান অনুজ সোহেল খান জানান, মুম্বাই ছাড়াও ভারতের চেন্নাই, ব্যাঙ্গালুরু ও হায়দ্রাবাদ শহরে ক্রিকেট ম্যাচগুলো হবে।