এবার বিজ্ঞাপনচিত্রে নওশীন-হিল্লোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশীন-হিল্লোল
নওশীন-হিল্লোল

একসঙ্গে জুটি হয়ে টিভি নাটকে অভিনয় করেছেন নওশীন ও হিল্লোল দম্পতি। পাশাপাশি ‘হ্যালো অমিত’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছে এই দম্পতি। টিভি নাটকের আলোচিত এই দম্পতিকে এবার একসঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রেও দেখা যাবে। সম্প্রতি ঢাকায় বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে। বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন শুভব্রত সরকার। একসঙ্গে চমত্কার একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে আনন্দিত নওশীন ও হিল্লোল।
প্রথম আলোকে নওশীন বলেন, ‘অভিনয়ের পাশাপাশি আমি টুকটাক বিজ্ঞাপনচিত্রে কাজ করে থাকি। কিন্তু এই বিজ্ঞাপনচিত্রে কাজ করার ব্যাপারটি একেবারেই আলাদা। কারণ এই বিজ্ঞাপনচিত্রে আমি হিল্লোলের সঙ্গে কাজ করেছি। তাই সন্তুষ্টি ছিল বেশি।’
নওশীন আরও বলেন, ‘চমত্কার একটি গল্পনির্ভর বিজ্ঞাপনচিত্র এটি। আর নির্মাতাও একজন তরুণ। শুধু তা-ই নয়, পুরো টিমটি ছিল প্রতিভাবান তরুণদের নিয়ে গড়া। আশা করছি, দর্শকেরা ভালো একটি বিজ্ঞাপনচিত্র দেখতে পাবেন।’

এ প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘টিভি নাটক ও চলচ্চিত্রে কাজ করা হলেও বিজ্ঞাপনচিত্রে আমি কাজ করিনি। প্রস্তাব থাকা সত্ত্বে কেন জানি এই সেক্টর থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু ভাবলাম, বিষয়টা মোটেও ঠিক হয়নি। এবার যখন প্রস্তাব এল তখন ভাবলাম, কাজটি করলে মন্দ হয় না। বিজ্ঞাপনচিত্রের ভাবনাটা পছন্দ হওয়ায় কাজটি করার ক্ষেত্রে আর বাধা থাকেনি। কাজ করার পর দারুণ অভিজ্ঞতা হয়েছে।’
হিল্লোল আরও বলেন, ‘নওশীন যদিও বিজ্ঞাপনে খুব ভালোভাবে মানিয়ে নিতে পারে, আমার ক্ষেত্রে শুরুতে কিছুটা পরিশ্রম করতে হয়েছে বেশি। কাজটির মধ্যে ফিল্মি একটা ভাব থাকায় বেশ আনন্দ নিয়ে শেষ করেছি। মনে হয়েছে বিজ্ঞাপনচিত্রে নিয়মিত হলে মন্দ হয় না।’