এবার বিমানের পাইলট শহীদ
এবার বিমানের পাইলট হতে যাচ্ছেন বলিউড অভিনেতা শহীদ কাপুর। তা-ও আবার যেনতেন বিমান নয়, একেবারে যুদ্ধবিমানের পাইলট হতে যাচ্ছেন তিনি। খুব শিগগিরই এফ-১৬ নামের একটি যুদ্ধবিমানের পাইলট হিসেবে দেখা যাবে তাঁকে। বাবা পঙ্কজ কাপুরের পরিচালনায় নির্মিত প্রথম ছবি ‘মসাম’-এ এভাবেই দেখা যাবে তাঁকে। জানা গেছে, শহীদ কাপুরই হচ্ছেন বিশ্বের প্রথম অভিনেতা, যিনি এফ-১৬ আইএন সুপার ভাইপার যুদ্ধবিমান চালাতে যাচ্ছেন। সবকিছু ঠিকঠাক থাকলে ১১ ফেব্রুয়ারি এই যুদ্ধবিমান চালানোর কাজে অংশ নেবেন তিনি।যুদ্ধবিমান চালানোর জন্য এরই মধ্যে নানা ধরনের প্রস্তুতি সেরে নিয়েছেন তিনি। মাসখানেক ধরে নানা ধরনের প্রস্তুতি নিয়ে আকাশে উড্ডয়নের জন্য নিজেকে তৈরি করছেন। এ ছাড়া দ্রুতগতির এই বিমানে উড্ডয়নের জন্য এরই মধ্যে বেশ কয়েকটি শারীরিক পরীক্ষায়ও অবতীর্ণ হতে হয়েছে। এদিকে ‘মসাম’ ছবির প্রযোজক সূত্রে শহীদ কাপুরের যুদ্ধবিমান চালানোর বিষয়টি আরও বেশি পরিষ্কার হয়। তিনি বলেন, হ্যাঁ শহীদ সত্যি সত্যিই এফ-১৬ বিমান চালাতে যাচ্ছেন। এ নিয়ে বেশ রোমাঞ্চিতও তিনি। উল্লেখ্য, এর আগে ভারতীয় নাগরিকদের মধ্যে রতন টাটা এফ-১৬ যুদ্ধবিমান চালানোর সুযোগ পেয়েছিলেন। ২০০৭ সালের ‘এরো ইন্ডিয়া শো’তে প্রায় ২০ মিনিটব্যাপী দুই সিটের এই যুদ্ধবিমান চালিয়েছেন তিনি।