এবার বৃহন্নলা

: আমি আর ফেরদৌস আবার একসঙ্গে কাজ করেছি।
: হ্যাঁ, সাবার সঙ্গে আমি প্রথম কাজ করেছিলাম আয়না ছবিতে।
: ওটা ছিল আমার প্রথম ছবি। প্রথম দিনের শুটিংয়ের প্রথম দৃশ্যটি ছিল আমরা দুজন দূর থেকে হেঁটে আসছি। আর এর পরের দৃশ্যটি ধারণ করা হলো বাসরঘরে। আমি খুব অপ্রস্তুত হয়ে পড়েছিলাম।
: আমি কিন্তু তোমাকে সহযোগিতা করেছি।
: তা না হলে কী অবস্থাই না হতো!
কথা বলছেন ফেরদৌস আর সোহানা সাবা। এবার তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন বৃহন্নলা ছবিতে। পরিচালক মুরাদ পারভেজ। মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। গত রোববার ফেরদৌস আর সাবা এলেন প্রথম আলো কার্যালয়ে। বৃহন্নলা ছবিটি নিয়েই কথা হবে তাঁদের সঙ্গে।
মুরাদের আগের ছবিটি চন্দ্রগ্রহণ। এই একটি ছবিই আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। এর মধ্যে ছিল সেরা ছবি, সংলাপ, চিত্রনাট্য, পরিচালনা, সহ-অভিনেতা (দুটি), খলনায়ক ও সংগীত পরিচালক। তাই মুরাদের এবারের ছবিটি নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
কেমন হলো এবারের ছবিটি?
‘অসাধারণ!’ বললেন ফেরদৌস। ‘এখানে চমৎকার একটি গল্প রয়েছে। আমরা তো ভালো ছবির কথা বলি, এটি তেমনই একটি ছবি। শুরুতে গল্প শুনেই মুগ্ধ হয়ে যাই। এরপরই জানতে চেয়েছিলাম, ছবির কাজ কবে শুরু হবে।’

না, ছবির গল্প নয়, ওটা দর্শক প্রেক্ষাগৃহে গিয়েই জানতে পারবেন। এখানে কথা হবে ছবির অন্য প্রসঙ্গ নিয়ে।
স্বামী মুরাদ পারভেজকে নানাভাবে সহযোগিতা করছেন সোহানা সাবা। আগেই জানা গেছে, বৃহন্নলা ছবির নির্বাহী প্রযোজক সাবা, পাশাপাশি অভিনয় করেছেন, পোশাক আর প্রপসের দিকটিও তিনিই দেখেছেন। সেদিন কথাটি মনে করিয়ে দিলেন ফেরদৌস।
কথা ছিল, সাবার সঙ্গেই আসবেন মুরাদ। কিন্তু সাবা জানালেন, মুরাদ এখন ব্যস্ত ছবি মুক্তি নিয়ে। তার আগে মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সে হবে ছবির উদ্বোধনী প্রদর্শনী। নিজেই আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন সবার কাছে।
এভাবে কেন? লোকজন কোথায়? আর সোহানা সাবাকেই কেন নির্বাহী প্রযোজক হতে হলো?
সাবা বললেন, ‘বাধ্য হয়েছি। বৃহন্নলা ছবির জন্য সরকারি অনুদান পেয়েছি। ভেবেছিলাম আরেকজন প্রযোজক পেলে আর্থিক দিক থেকে আর অসুবিধা হবে না। পাইনি। শেষে টাকা সংগ্রহের জন্য নিজেদের একটা জমি বিক্রি করেছি। গাড়িটাও বিক্রি করতে চেয়েছি। তখন এটিএন বাংলাকে পাশে পাই। বৃহন্নলা বড় বাজেটের ছবি। কিন্তু আমরা সীমিত টাকার মধ্যে কাজটা করতে চেয়েছি। আবার কাজের ক্ষেত্রে কোনোভাবেই আপস করিনি। এ কারণে নিজেরাই অনেক কাজ করছি।’
বৃহন্নলা ছবির কাজ হয়েছে রাজবাড়ীর খামারবাড়ি এলাকায়, সোহানা সাবার দাদার বাড়িতে। সাবা বললেন, ‘দাদার বাড়িকে মাথায় রেখেই মুরাদ এই ছবির গল্প লিখেছেন। শুটিং শুরুর মাস তিন-চারেক আগেই আমরা সেখানে গিয়ে নতুন ঘর তৈরি করেছি, বাগান করেছি। ছবির জন্য যা যা প্রয়োজন, তা আগে থেকেই প্রস্তুত রেখেছি।’
ফেরদৌস বললেন, ‘আমি একই সঙ্গে ঢাকা আর কলকাতার ছবিতে কাজ করছি। কলকাতার ছবিতে কাজ করার সময় একটা ব্যাপার খুব অনুভব করি, ওরা খুব পেশাদার। যা দরকার, তার সবকিছু আগে থেকেই প্রস্তুত রাখা হয়। বৃহন্নলা ছবিতে কাজ করতে এসে এই ব্যাপারটি শতভাগ পেয়েছি।’
সাবার দাদার বাড়ির আতিথেয়তায় মুগ্ধ ফেরদৌস। তিনি বললেন, ‘এত ছবিতে অভিনয় করেছি, কিন্তু সাবার দাদার বাড়ির মতো আতিথেয়তা কোথাও পাইনি। আমি কোথায় থাকব, কী খাব, কাজের ফাঁকে আড্ডা, বেড়ানো—এসব ভোলা যাবে না। এটা শুধু আমার একার জন্য নয়, ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবার দিকে একইভাবে খেয়াল রাখা হয়েছে।’
ফেরদৌস আলাদা করে উল্লেখ করলেন ছবির লোকেশন। বললেন, ‘ওই এলাকায় এবারই প্রথম দৃশ্য ধারণ করা হলো। দর্শক ছবিতে নতুন একটি জায়গা দেখতে পাবেন।’
আবার এল আয়না ছবির প্রসঙ্গ। ফেরদৌস বললেন, ‘আয়নায় আমি ছিলাম গার্মেন্টসের ছোট কর্মকর্তা। তবে এবার আমার উন্নতি হয়েছে। বৃহন্নলায় আমি ডাক্তার। হাফ হাতা শার্ট পরা ডাক্তার।’ এরপর হাসলেন।
বৃহন্নলা ছবির শুটিং শুরু হয়েছিল গত বছরের ১০ সেপ্টেম্বর আর মুক্তি পাচ্ছে এ বছরের ১৯ সেপ্টেম্বর। তা আলাদা করে উল্লেখ করলেন সাবা।
এবার ছবি তোলার পালা। ততক্ষণে চলে এসেছেন মুরাদ পারভেজ। ছবি তোলার ফাঁকে ফেরদৌস বললেন, ‘সাবা, তুমি তো ৩০ দিনের মধ্যে দুই সন্তানের মা হচ্ছ।’
‘মানে!’
‘এই যেমন ১৯ সেপ্টেম্বর তোমার নিজের ছবি মুক্তি পাচ্ছে আর অক্টোবর মাসে তোমার নিজের সন্তান আসছে।’
হ্যাঁ, শিগগিরই মা হতে যাচ্ছেন সোহানা সাবা। তবে এখন আপাতত তাঁর ও মুরাদের সব ভাবনা বৃহন্নলা নিয়ে।