এবার বেলাল খানের একক অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলাল খান সুর করেন। তাঁর সুর করা গান গেয়েছেন কয়েকজন শিল্পী। মাঝেমধ্যে তিনি নিজেও তাতে কণ্ঠ দেন। এ বছর ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১১’ আয়োজনে বেলাল খানের সুর করা ‘পাগল তোর জন্য’ গেয়ে সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন ন্যান্সি। যুগল কণ্ঠের এই গানের আরেকজন শিল্পী বেলাল খান। গানটি ব্যবহার করা হয়েছে প্রেমের জন্য পৃথিবী ছবিতে। ন্যান্সির সঙ্গে তাঁর যুগল কণ্ঠে গাওয়া আরেকটি জনপ্রিয় গান খুঁটি ছবির ‘দলিল’। বেলাল খান আর পড়শির গাওয়া জনপ্রিয় হওয়া গানের মধ্যে রয়েছে অনুরাগ অ্যালবামের ‘একলা প্রহর’। এবার বেলাল খান নিজের গাওয়া গান নিয়ে একক অ্যালবাম করেছেন। নাম আলাপন। গতকাল শুক্রবার তা বাজারে এনেছে লেজার ভিশন। বেলাল খান বলেন, ‘পুরো একটি বছর এই অ্যালবামের পেছনে ব্যয় করেছি। চেষ্টা করেছি, যাতে গানগুলো সব ধরনের শ্রোতার পছন্দ হয়।’আলাপন অ্যালবামের সব কটি গানের সুর করেছেন বেলাল খান। দুটি গানে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন পড়শি ও মোহনা। গানগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক রিটু।