এবার বেস্টওয়ে গ্রুপে মুরাদ
‘আমি প্রথম যখন ইউনিট্রেন্ড লিমিটেডে চাকরি করতাম তখনো পাশাপাশি নাটকের কাজ করতাম। এরপর অবশ্য বেশ কিছুদিন চাকরি ছেড়ে পুরোদমে অভিনয়ের কাজ শুরু করি। তারপর আবার চাকরি’—বলছিলেন টিভি ও চলচ্চিত্রের অভিনেতা আরমান পারভেজ মুরাদ। এবার তিনি আবারও চাকরি শুরু করছেন। নতুন এই প্রতিষ্ঠানের নাম বেস্টওয়ে গ্রুপ। সেখানে তিনি জেনারেল ম্যানেজার করপোরেট ব্র্যান্ডিং অ্যান্ড পাবলিক রিলেশন অফিসার হিসেবে যোগ দিচ্ছেন। আগামী ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে মুরাদ তাঁর নতুন অফিসের কাজে যোগ দেবেন বলে জানান। এর আগে মুরাদ মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেডের সিইও এবং ইউনিট্রেন্ড লিমিটেডে ছয় বছর পর্যন্ত কপিরাইটারের কাজ করেছেন।নতুন অফিসের কাজের বাইরে মুরাদ বর্তমানে ঈদের কয়েকটি নাটকের কাজ করছেন। এগুলোর মধ্যে আকরাম খানের ‘লাবণ্য ও বনলতা’ এবং সাজ্জাদ সুমনের ‘অপরাহ্নের গল্প’। এ ছাড়া প্রচার চলতি ধারাবাহিক মেটামরফসিসের কাজও চলছে।নতুন চাকরি নাটকের কাজে কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের উত্তরে মুরাদ বলেন, ‘আমি আসলে শুধু টাকার জন্য নাটকের কাজ করি না। সে জন্যই বলতে পারেন নাটকের পাশাপাশি বেঁচে থাকার জন্য অন্যান্য কাজের সন্ধান করি। তাই অভিনয় কম করি, কিন্তু কোয়ালিটিটা বজায় রাখার চেষ্টা করি সব সময়।’